Uncategorized

জয়পুরহাটে ছাত্রদল নেতাকে পিটিয়ে হত্যা : ছাত্রলীগের ৪ নেতাকর্মী আটক

জয়পুরহাটের পাঁচবিবিতে পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেনকে (২২) পিটিয়ে হত্যার অভিযোগে ছাত্রলীগের চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যার এ ঘটনায় বুধবার তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- জেলার পাঁচবিবি মহিপুর কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, ছাত্রলীগকর্মী আনিসুর রহমান ও মুজাহিদুল ইসলাম।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব জানান, মঙ্গলবার সন্ধ্যায় পাঁচবিবি উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য আনিছুর রহমান শিপনের নেতৃত্বে আট থেকে দশজনের একটি দল পাঁচবিবি পৌর শহরের পাঁচবিবি উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে পার্কিং করে রাখা পাঁচবিবি থানা বিএনপি’র আহ্বায়ক মো: সাইফুল ইসলাম ডালিমের মোটরসাইকেলে অগ্নিসংযোগ করলে মোটরসাইকেলটি পুড়ে যায়।
এই ঘটনায় পাঁচবিবি পৌর বিএনপির আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইটসহ পাঁচ থেকে সাতজন বিএনপি নেতাকর্মী ওই রাতেই পাঁচবিবি থানায় গেলে থানার পার্শ্ববর্তী পৌর পার্কের গেইটে পাঁচবিবি পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেনসহ চার থেকে পাঁচজন বিএনপি ও ছাত্রদল নেতাকর্মী অবস্থান করছিলেন। সে সময় ছাত্রলীগের নেতাকর্মীরা পৌর পার্কের গেইটে অবস্থানরত বিএনপি নেতা-কর্মীদের ধাওয়া করে এবং পাঁচবিবি পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেনের উপর আক্রমণ করে। ছাত্রলীগের কর্মীদের এলোপাতাড়ি মারধরে তিনি গুরুতর আহত হন। পরে তাকে স্থানীয় মহিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে বুধবার ভোর রাতে তার মৃত্যু হয়।
পুলিশ নিহতের লাশ উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোক্তাদুল হক আদনান জানান, ফারুককে পিটিয়ে হত্যা করা হয়েছে।
এ ব্যাপারে নিহতের মা বিলকিস বেগম ফেলানী আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো আট থেকে ১০ জনকে আসামি করে মামলা করেছেন।
সূত্র : ইউএনবি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button