বিবিধশিরোনাম

জ্যোৎস্না জন্ম দিলেন একসঙ্গে ৩ সন্তান

একসঙ্গে তিন শিশুর জন্ম দিলেন ভোলার চরফ্যাশনের জ্যোৎস্না বেগম নামে এক গৃহবধূ। সোমবার রাতে পরপর তিন সন্তানের জন্ম দেন তিনি। নবজাতকরা সুস্থ আছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। প্রসূতি গৃহবধূ জ্যোৎস্না বেগম উপজেলার নজরুলনগর ইউপি সদস্য সবুজ মৃধার স্ত্রী।
বর্তমানে তিনি এবং নবজাতকরা চরফ্যাশন হাসপাতাল রোডের সেন্ট্রাল জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ডা. শাহিন আরা আহমেদ ও ডা. নূর মোহাম্মদ তালুকদারের অধীনে চিকিৎসাধীন।
জানা যায়, চরফ্যাশনের নজরুলনগর ইউনিয়নের দক্ষিণ চরকলমী গ্রামের মৃধাবাড়িতে একটি ছেলেসন্তান এবং সেন্ট্রাল জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এসে আরও এক ছেলে ও মেয়েসন্তান জন্ম দেন তিনি।
প্রসূতি গৃহবধূর স্বামী সবুজ মৃধা জানান, তাদের আরও পাঁচটি ছেলেসন্তান আছে। কন্যাসন্তানের আশায় আবারও সন্তান নিয়েছেন তারা। সোমবার বিকালে নিজ বাড়িতে দাইয়ের সহায়তায় একটি ছেলেসন্তানের জন্ম হয়।
পরে প্রসব সমস্যা দেখা দিলে আম্ব্যুলেন্সে স্ত্রীকে সেন্ট্রাল জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গেলে এক মেয়ে ও এক ছেলেসন্তান জন্ম নেয়। একসঙ্গে মেয়েসহ দুই পুত্রসন্তান পেয়ে স্বামী-স্ত্রী উভয়ে খুশি হয়েছেন।
চরফ্যাশন হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শাহিন আরা আহমেদ জানান, প্রসূতি গৃহবধূ শুরু থেকে তার তত্ত্বাবধানে ছিলেন। ২৬ সপ্তাহ সময়কালে আল্ট্রাসনোগ্রামে তিন সন্তানের বিষয়টি নিশ্চিত হন তারা। কোনো প্রকার সিজার ছাড়াই স্বাভাবিকভাবে শিশু তিনটি ভূমিষ্ঠ হয়েছে।
ডা. নূর মোহাম্মদ তালুকদার জানান, মা ও নবজাতকরা সুস্থ আছেন।
সেন্টাল জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান আফসার উদ্দিন রাসেল এবং অত্র সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও বিআরডিবির চেয়ারম্যান মাকসুদুর রহমান মিজান মিয়া বলেন, আমাদের হাসপাতালে কর্মরত চিকিৎসক এবং সেবিকাদের রোগী সেবায় সচেষ্ট থাকার নির্দেশনা দেয়া আছে। এই রোগীর ক্ষেত্রেও নির্দেশনা অনুযায়ী সবাই দায়িত্ব পালন করছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button