খেলা

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দলে মুশফিক, বাদ মাহমুদউল্লাহ

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য ষোলো সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে আছে নতুন দুই মুখ।
অনুমিতভাবেই দলে ফিরেছেন পাকিস্তান সফরে না যাওয়া মুশফিকুর রহিম। তার পাশাপাশি দলে ফিরেছেন দুই পেসার মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও অফ-স্পিনার মেহেদী হাসান মিরাজ।
পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে খেলা দল থেকে বাদ পড়েছেন চারজন। তাদের মধ্যে বড় নাম টেস্টে দীর্ঘ দিন ধরে অফ ফর্মে থাকা মাহমুদউল্লাহ রিয়াদ। তাছাড়া বাদ পড়েছেন সৌম্য সরকার, রুবেল হোসেন ও আল আমিন হোসেন।
নতুন দুই মুখ হলেন- ব্যাটসম্যান ইয়াসির আলি চৌধুরী ও পেসার হাসান মাহমুদ।
“আমার বিশ্বাস, বর্তমান পরিস্থিতির মূল্যায়নে আমরা সম্ভাব্য সেরা টেস্ট দল ঘোষণা করেছি। অভিজ্ঞতা ও তারুণ্যের মিশ্রণে এটা অসাধারণ একটি দল”- বলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
মাহমুদউল্লাহর বাদ পড়া নিয়ে প্রধান নির্বাচক জানান, লাল বলের ম্যাচে তার বিশ্রামের দরকার ছিল। আল-আমিন হোসেন প্রসঙ্গে বলেন, হালকা চোট রয়েছে তার। তাই সীমিত ওভারের ম্যাচের জন্য পুরো প্রস্তুত হতে তাকে সময় দেওয়া হয়েছে।
আর রুবেলকে আপাতত টেস্টের পরিকল্পনায় রাখা হয়নি। সৌম্য সরকার ছুটি চেয়েছেন।
নতুন দুই মুখ নিয়ে নান্নু বলেন, “আমরা মনে করি, হাসান মাহমুদ ও ইয়াসির আলি চৌধুরী অসাধারণ সম্ভাবনা আছে। তারা আমাদের ভবিষ্যত পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ।”
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২২ ফেব্রুয়ারি একমাত্র টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে।
বাংলাদেশ টেস্ট দল: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, আবু জায়েদ চৌধুরী রাহী, নাঈম হাসান, এবাদত হোসেন, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও ইয়াসির আলি চৌধুরী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button