জামালপুরে করোনা উপসর্গে ১ জনের মৃত্যু, আক্রান্ত ১৪

জামালপুরে নতুন করে আরো ১৪ জনের ‘কোভিড-১৯’ শনাক্ত হয়েছে। উপসর্গ নিয়ে মারা গেছেন একজন। এবং সুস্থ হয়েছে চারজন। এ নিয়ে জামালপুরে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬৬ জনে এবং সুস্থ হয়েছেন ২৩৮ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে নয়জনের।
সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেছে জামালপুর স্বাস্থ্য বিভাগ।
অন্যদিকে নমুনা পরীক্ষার প্রতিবেদন আসার আগেই করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় জামালপুর জেলা পরিষদের অফিস সহায়ক ইদ্রিস আলী (৫৪) সোমবার দুপুরে মৃত্যুবরণ করেন। রোববার তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছিল এবং ওইদিনই তার নমুনা সংগ্রহ করেছিল স্বাস্থ্য বিভাগ। দীর্ঘদিন ধরে তিনি কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন বলে জানা গেছে। তিনি জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ধোপাকুড়া গ্রামের কাজিম উদ্দিন মন্ডলের ছেলে।
এ ব্যাপারে জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক মাহফুজুর রহমান সাংবাদিকদের জানান, ওই ব্যক্তি শ্বাসকষ্ট নিয়ে মারা যান। তার নমুনা পরীক্ষার ফলাফল এখনো আসেনি। স্বাস্থ্যবিধি অনুসরণ করে তার লাশের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন আক্রান্তদের মধ্যে জেলার সরিষাবাড়ী উপজেলায় সাতজন, দেওয়ানগঞ্জ উপজেলায় দু’জন, মেলান্দহ উপজেলায় একজন, মাদারগঞ্জ উপজেলায় একজন, ইসলামপুর উপজেলায় একজন, বকশীগঞ্জ উপজেলায় একজন এবং সদর উপজেলায় একজন।
সোমবার (২৯ জুন) ময়মনসিংহ মেডিক্যাল কলেজ পিসিআর ল্যাবে জামালপুরের ৪৯টি নমুনা এবং জামালপুরে শেখ হাসিনা মেডিক্যাল কলেজ পিসিআর ল্যাবে ৮৯টি নমুনাসহ মোট ১৩৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ৪৯টি নমুনা পরীক্ষার প্রতিবেদনের মধ্যে দু’জন এবং ৮৯টি নমুনা পরীক্ষার
প্রতিবেদনের মধ্যে ১২ জনের করোনাভাইরাস পজেটিভ আসে।




