জঙ্গিদের বলুন ‘তুই দানব মানুষ না’ : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘হুমায়ূন আহমেদ রাজাকারদের ঘৃণা করা শিখিয়েছেন ‘তুই রাজাকার’ বলে। এখন দেশবাসী এর সাথে জঙ্গিদের বলবে ‘তুই দানব, মানুষ না। এভাবেই হুমায়ূন আমাদের জঙ্গি দমন যুদ্ধের প্রেরণা। এসময় তাকে খুব প্রয়োজন।’
আগামী ১৩ নভেম্বর হুমায়ূন আহমেদের ৬৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘর আয়োজিত তাদের প্রধান মিলনায়তনে আলোচনা সভায় মন্ত্রী একথা বলেন।
হাসানুল হক ইনু বলেন, ‘১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যার পর সামরিক শাসক ও রাজাকারেরা বঙ্গবন্ধু-রবীন্দ্র-নজরুল-শামসুর রাহমান-হুমায়ূন আহমেদের চেতনাকেও নির্বাসনে পাঠাতে চেয়েছিল। আর যাতে তা না হয়, সেজন্যই রাজাকার-জঙ্গি ও তাদের দোসরদের বিচার-বর্জন জরুরি।’
হুমায়ূন আহমেদের প্রতি চিরন্তন শ্রদ্ধা জানিয়ে মন্ত্রী বলেন, যতদিন নিত্যদিনের আনন্দ মানুষকে উদ্বেল করবে, ছোট ছোট কষ্ট তাকে কাঁদাবে, ততদিন হুমায়ূন অমর হয়েই থাকবেন।
সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিকের সভাপতিত্বে ও ড. শিহাব সরকারের সঞ্চালনায় সংগীতজ্ঞ বারী সিদ্দিকী, মেহের আফরোজ শাওন, অন্যপ্রকাশ সত্ত্বাধিকারী মাজহারুল ইসলাম ও অভিনেতা মাহফুজ আহমেদ সভায় নন্দিত লেখক, নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা ও গীতিকার হুমায়ূন আহমেদ স্মরণে তাদের হৃদয়গ্রাহী অনুভূতি ব্যক্ত করেন।



