জগন্নাথে ছাত্র ধর্মঘট: ভিসির ভবনে তালা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) হলের দাবিতে শিক্ষার্থীদের পদযাত্রা কর্মসূচিতে পুলিশের বাধা ও লাঠিচার্জের প্রতিবাদে ছাত্র ধর্মঘট চলছে। ক্লাস বর্জনের পাশাপাশি আন্দোলনরত শিক্ষার্থীরা তালা ঝুলিয়ে দিয়েছেন উপাচার্য (ভিসি) ভবনে।
২৩ আগস্ট মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শিক্ষকদের বাস থামিয়ে অবরোধ শুরু করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা সবগুলো ভবনেরই ফটকেই তালা লাগিয়ে দিয়েছেন। তালা ঝুলছে ভিসি ড. মীজানুর রহমানের কার্যালয় ভবনেও। আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়টির মূল ফটকের সামনে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন।
শিক্ষার্থীরা জানান, হলের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। জানা যায়, একটি টিভি চ্যানেলে জবিকে বিশ্ববিদ্যালয় করা উচিত হয়নি বলে মন্তব্য করেছেন ভিসি মিজানুর রহমান। এর প্রতিবাদেই তার ভবনেও তালা লাগিয়ে দেওয়া হয়েছে।
শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এবং আওয়ামী লীগ ও বামপন্থি শিক্ষকদের সংগঠন নীল দল ও ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠন ছাত্রলীগের।
জানা যায়, নতুন হল নির্মাণ ও নাজিমউদ্দিন রোডে পরিত্যক্ত কেন্দ্রীয় কারাগারের জায়গা জবি স্থায়ীভাবে লিজ দেওয়ার দাবিতে আগস্টের প্রথম থেকে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। গতকাল সোমবার শিক্ষার্থীরা স্মারকলিপি নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে যেতে চাইলে বংশালে পুলিশ বাঁধা দেয়। অভিযোগ আছে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে। পরে দুপুরে শিক্ষার্থীরা দুই দিনের ধর্মঘট আহ্বান করেন।




