ছন্দা এবার চলচ্চিত্রে

ছোট পর্দায় বহু বছর যাবৎ নিয়মিত অভিনয় করছেন গোলাম ফরিদা ছন্দা। বহু বছরের অভিনয় জীবনে অনেক চলচ্চিত্রেই কাজ করার প্রস্তাব পেয়েছেন তিনি। কিন্তু মনের মতো গল্প আর চরিত্র পাননি বিধায় চলচ্চিত্রে অভিনয়ে দেখা যায়নি ছন্দাকে।
এবার গল্প আর চরিত্র দুটোই যেন ধরা দিয়েছেন তার চলচ্চিত্র ভাবনায়। শাহরিয়ার নাজিম জয়ের কাহিনী ও নির্দেশনায় ছন্দা প্রথমবারের মতো চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন। চলচ্চিত্রের নাম ‘অর্পিতা’. চলচ্চিত্রটিতে অর্পিতা নামেই অভিনয় করতে যাচ্ছেন ছন্দা। চলতি মাসের শেষ সপ্তাহে চলচ্চিত্রটির শুটিং হবে বলে জানান ছন্দা।
ছন্দা বলেন, ‘অর্পিতা চলচ্চিত্রটি আসলে এক নারীর জীবনযুদ্ধের গল্প। গল্পটা যেমন অসাধারণ ঠিক তেমনি আমার চরিত্রটিও ভালো লাগার মতোই। আমার ভীষণ ভালো লাগছে এই ভেবে যে অবশেষে একটি মনের মতো চলচ্চিত্রে কাজ করতে যাচ্ছি। এখন আমাদের পুরো টিমের সম্মিলিত প্রয়াস আমাদের কাজটাকে কত দূর নিয়ে যেতে পারে, তাই দেখার বিষয়।’
ছন্দা প্রসঙ্গে শাহরিয়ার নাজিম জয় বলেন, ‘চলচ্চিত্রটির নাম ভূমিকায় অভিনয় করছেন ছন্দা। গল্পের প্রয়োজনেই তাকে নেয়া এবং আমি খুব আশাবাদী ছন্দা খুব ভালোভাবেই চরিত্রটি ফুটিয়ে তুলতে পারবেন।’
এ দিকে নিয়মিত ছোট পর্দায় অভিনয় করছেন ছন্দা। বাংলাদেশ টেলিভিশনের ‘চিত্র-বিচিত্র’, এটিএন বাংলার ‘রূপালী প্রান্তর’, বাংলাভিশনের ‘লড়াই’, ‘মিলার বারান্দা’ ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে। প্রতিটি ধারাবাহিকেই ছন্দা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। এ ছাড়া শিগগিরই শুরু হবে ছন্দা অভিনীত নতুন ধারাবাহিক নাটক ‘ছায়াসঙ্গী’।




