চ্যাম্পিয়ন লিভারপুলকে বিদায় করে শেষ আটে আতলেতিকো
অতিরিক্ত সময়ে তিন গোলে গত আসরের চ্যাম্পিয়ন লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার-ফাইনালের টিকিট নিশ্চিত করেছে আতলেতিকো মাদ্রিদ।
অ্যানফিল্ডে বুধবার রাতে ক্লাব পর্যায়ে ইউরোপের সর্বোচ্চ প্রতিযোগিতায় শেষ ষোলোর ফিরতি লেগে স্বাগতিকদের ৩-২ গোলে হারায় দিয়েগো সিমেওনের দল। দুই লেগ মিলিয়ে ৪-২ ব্যবধানে এগিয়ে কোয়ার্টার-ফাইনালে উঠল স্পেনের ক্লাবটি।
নির্ধারিত সময়ে লিভারপুল ১-০ ব্যবধানে এগিয়ে থাকায় দুই লেগ মিলিয়ে ১-১ সমতার কারণে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।
৯৪ মিনিটে এগিয়ে যায় ইয়ুর্গেন ক্লপের দল। রবার্তো ফিরমিনোর বক্সের ভেতর থেকে নেওয়া হেড লেগেছিল গোলপোস্টের বারে। ফিরতি বল জালে ঢুকিয়ে লিভারপুলকে এগিয়ে নেন রবের্তো ফিরমিনো।
তখনও ম্যাচের অনেক নাটকীয়তা বাকি। লিভারপুলকে ভুগিয়েছে গোলরক্ষক অ্যালিসনের অভাব। হিপ ইনজুরিতে এই ম্যাচে তার খেলা হবে না সেটা জানাই ছিল ইয়ুর্গেন ক্লপের। দ্বিতীয় গোলরক্ষক আদ্রিয়ান করলেন ভুলটা। তার ভুল পাসে বল পেয়ে যান আতলেতিকোর পর্তুগিজ ফরোয়ার্ড জোয়াও ফেলিক্স। বল বাড়িয়ে দেন মার্কোস লরেন্তেকে। ডি-বক্সের বাইরে থেকে ডান পায়ের জোরালো শটে জালে বল জড়ান স্প্যানিশ এই মিডফিল্ডার।
খেই হারিয়ে বসে লিভারপুলের রক্ষণভাগ। যদিও ম্যাচে তখনও পিছিয়ে সফরকারীরা। প্রতিপক্ষের মাঠে গোল করায় কার্যত তখন এগিয়ে আতলেতিকো।
তখন আর এক গোল পেলেই শেষ আটে যেত লিভারপুল। অতিরিক্ত সময়ের প্রথমার্ধের যোগ করা সময় আবার জালে বল পাঠিয়ে লিভারপুলের কাজটা অনেক কঠিন করে তোলেন লরেন্তে। দুই লেগ মিলিয়ে ম্যাচে আসে ২-২ সমতা।
অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে লিভারপুলের কফিনে শেষ পেরেক ঠুকেন আতলেতিকোর মোরাতা। সতীর্থ মার্কোস লরেন্তের দ্রুত গতির পাস থেকে বল পেয়ে বাঁ পায়ের শটে স্বাগতিকদের জালে বল জড়ান স্প্যানিশ এই স্ট্রাইকার। কোয়ার্টার-ফাইনালের টিকিট নিয়ে মাঠ ছাড়ে আতলেতিকো।
এদিন নিজেদের মাঠে শেষ ষোলোর ফিরতি লেগের অপর লড়াইয়ে বরুসিয়া ডর্টমুন্ডকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার-ফাইনালের টিকিট নিশ্চিত করেছে পিএসজি। প্রথম লেগে ২-১ গোলে হারলেও দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে এগিয়ে থেকে শেষ আটে উঠল টমাস টুখেলের দল।




