চীন থেকে বিশেষ ফ্লাইটে দিল্লিতে নেওয়া হলো ২৩ বাংলাদেশিকে

প্রাণঘাতী করোনাভাইরাসের শনাক্তস্থল চীনের উহান থেকে ভারতীর বিশেষ ফ্লাইটে ২৩ বাংলাদেশিকে দিল্লিতে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) কোনো এক সময়ে ভারতীয় অন্য নাগরিকদের সঙ্গে ওই ফ্লাইটে করে তাদের দিল্লিতে আনা হয়।
করোনা সংক্রমণের আশঙ্কায় ফেরত আসা অন্য ভারতীয়দের মতোই এই ২৩ বাংলাদেশিকেও আগামী কয়েকদিন আলাদা করে রাখা হবে।
উহানে আটকে থাকা এসব বাংলাদেশি বেশ কিছুদিন ধরে তাদেরকে দেশে ফিরিয়ে আনতে সরকারের কাছে বারবার আবেদন জানাচ্ছিলেন। কিন্তু বাংলাদেশ থেকে কোনো ফ্লাইট সেখানে পাঠানো সম্ভব না হওয়ায় সরকারের পক্ষ থেকে তাদরকে ব্যক্তিগত উদ্যোগে দেশে ফেরার কথা বলা হয়েছিল।
ইন্ডিয়ান এয়ার ফোর্সের ওই বিশেষ ফ্লাইটে উহান থেকে ফেরত এসেছে ৭৬ জন ভারতীয় ও অন্য আরও ৭টি দেশের ৩৬ জন নাগরিক।
চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকেই ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস।
গত ২৩ জানুয়ারি থেকে পুরোপুরি অবরুদ্ধ অবস্থায় আছে উহান। প্রাণঘাতী এই ভাইরাসে এখন পর্যন্ত ২ হাজার ৮০৪ জনের মৃত্যু হয়েছে।




