চীনের বিতর্কিত আইনে হংকংয়ে গ্রেপ্তার শুরু, বিক্ষোভ-সংঘর্ষ

হংকংয়ে চীনের জারি করা বিতর্কিত একটি আইন প্রয়োগ করা শুরু করেছে পুলিশ। ওই আইনে প্রথমবারের মতো গ্রেপ্তার করতে গেলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে।
বিবিসি জানায়, ব্রিটিশ শাসনের অবসানের ২৩ বছর পূর্তি উপলক্ষে বুধবার রাস্তায় নামে হংকংবাসী। এতে তারা চীনের জারি করা নতুন আইনের বিরুদ্ধে বিক্ষোভ করেন।
আইন অমান্য করার অভিযোগে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ও মরিচের গুড়ো ব্যবহার করেছে পুলিশ।
এতে বিক্ষোভকারীরা আরও বেপরোয়া হয়ে উঠে। ছুড়িকাঘাত করা হয় একজন পুলিশের হাতে।
বেআইনি সমাবেশের দায়ে ৩০০ এরও বেশি মানুষকে গ্রেপ্তার করে পুলিশ। এদের মধ্যে ৯ জনকে গ্রেপ্তার করা হয় নতুন আইনের আওতায়। গ্রেপ্তারকৃতদের একজন স্বাধীন হংকংয়ের পতাকা প্রদর্শন করেছিলেন।
হংকংয়ের ওপর চাপানো নতুন ‘ন্যাশনাল সিকিউরিটি ল’তে যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রেখেছে চীন। চীনের আধা স্বায়ত্তশাসিত শহরটির বিরুদ্ধে মঙ্গলবার এই আইন পাস করে দেশটি।
মঙ্গলবার আইন পাস হলেও খসড়া প্রকাশ করা হয়েছে পরে। বিবিসির বিশ্লেষকেরা জানিয়েছেন, আইনে ‘দেশদ্রোহিতা বা রাষ্ট্রদ্রোহিতা’ ঠেকানোর কথা বলা হলেও উদ্দেশ্য মূলত হংকংয়ের সব ধরনের আন্দোলন দমিয়ে রাখা।
যাবজ্জীবন কারাদণ্ডকে চীনের সাধারণ আইনে দ্বিতীয় সর্বোচ্চ সাজা হিসেবে বিবেচনা করা হয়। অপরাধের মাত্রা বিবেচনায় নির্দিষ্ট একটি সময় পর প্যারোলে মুক্তি পাওয়া যায়। অনেক ক্ষেত্রে যাবজ্জীবন আবার আ-মৃত্যু। হংকংয়ের ক্ষেত্রে সাজার ধরণ কেমন হবে, সেটি অবশ্য জানা যায়নি।
১৯৯৭ সালের এই জুলাই মাসেই ব্রিটিশদের থেকে মুক্ত হয়ে চীনের অধীনে আসে হংকং। শহরটির নিয়ন্ত্রণ নেয়ার সময় চীন বেশ কিছু শর্ত দিয়েছিল। সেই শর্তের অধীনে হংকংবাসীর বেশ ‘স্বাধীনতা’ ছিল, অন্তত আন্দোলনের ক্ষেত্রে। চীনের সাধারণ মানুষও এতটা স্বাধীনতা পায়নি। নতুন আইনে সেই সুযোগ আর থাকছে না বললেই চলে।
হংকংয়ের চীনপন্থি নির্বাহী প্রধান ক্যারি ল্যাম এই আইনকে স্বাগত জানিয়ে বলেছেন, এবার জাতীয় নিরাপত্তার ত্রুটি সংশোধন হবে।
আইনটি পাসের পর যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটো শঙ্কা প্রকাশ করার পাশাপাশি ক্ষুব্ধ মতামত জানিয়েছে। যুক্তরাষ্ট্র থেকে আগেই এই আইন বাতিলের আহ্বান জানানো হয়েছে।
যুক্তরাজ্য জানিয়েছে, হংকংয়ের ৩০ লাখ বাসিন্দাকে যুক্তরাজ্যে বসবাসের সুযোগ দেওয়া হবে এবং এক পর্যায়ে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন তারা।



