আন্তর্জাতিক সংবাদশিরোনাম

‘চিকিৎসায় সেরে উঠলেই শরীরে করোনার অ্যান্টিবডি তৈরি হয় না’

করোনা সংক্রমণ থেকে সেরে ওঠা মানুষের রক্ত দিয়েই এই ভাইরাসকে ঠেকানোর কথা ভাবছিলেন বিশেষজ্ঞরা। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, এখনই এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাবে না।
সম্প্রতি দক্ষিণ কোরিয়ার দুই বয়স্ক নিউমোনিয়ায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসায় সেখানকার চিকিৎসকেরা এই একই অসুখ থেকে সেরে ওঠা ব্যক্তিদের প্লাজমা বা রক্তরস ব্যবহার করেন। চিকিৎসকদের দাবি, এর ফলে ওই দুই বয়স্ক নিউমোনিয়ায় আক্রান্ত ব্যক্তি দ্রুত সেরে উঠেছেন।
সম্প্রতি চিনের ‘ন্যাশনাল ক্লিনিক্যাল রিসার্চ সেন্টার ফর ইনফেকশাস ডিজিজ’-এ ৩৬ থেকে ৭৩ বছর বয়সী পাঁচজন রোগীর উপর এই কনভালেসেন্ট প্লাজমা থেরাপি প্রয়োগ করে দেখা হয়েছিল। এখানকার গবেষকদের দাবি, এই পদ্ধতিতে চিকিৎসার পর ১২ দিনের মধ্যেই সবাই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন।
গবেষকেরা বলেছিলেন, করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়ে ওঠার অর্থ হল, তার শরীরে কোভিড-১৯ এর অ্যান্টিবডি তৈরি হয়েছে। এই কোভিড-১৯ এর অ্যান্টিবডি যুক্ত রক্তের প্লাজমার সাহায্যে নতুন করোনা আক্রান্তকে সারিয়ে তোলার উপায় ও একাধিক যুক্তি জোরালো হয়েছে বিভিন্ন দেশের গবেষকদের মধ্যে।
দক্ষিণ কোরিয়া ও চিনের গবেষকদের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এই পদ্ধতিতে চিকিৎসাও শুরু করে আমেরিকাও। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাচ্ছে, চিকিৎসায় সেরে ওঠা মানেই শরীরে করোনার অ্যান্টিবডি তৈরি হয়ে গিয়েছে, এমন প্রত্যক্ষ প্রমাণ এখনো মেলেনি। অর্থাৎ, কোনো ব্যক্তি একবার করোনা থেকে সুস্থ হয়ে উঠলে তিনি দ্বিতীয়বার আর আক্রান্ত হবেন না, তা একেবারেই নয়। বরং উল্টোটাই হয়েছে। আর্জেন্টিনা, ইতালি এমনকি ভারতের মহারাষ্ট্রেও একই ব্যক্তির দু’বার করোনায় আক্রান্ত হওয়ার ঘটনা সামনে এসেছে।
তাই ভাইরাসের সংক্রমণ কাটিয়ে সুস্থ হয়ে ওঠা ব্যক্তির শরীরে কোভিড-১৯ এর বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা (অ্যান্টিবডি) তৈরি হবেই, এমনটা বলা যাচ্ছে না। তাই এই পদ্ধতিতে চিকিৎসার ক্ষেত্রেও সতর্ক করে দিল হু।
কনভালেসেন্ট প্লাজমা থেরাপিতে করোনা চিকিৎসা নিয়ে এখনো গবেষণা চলছে। ব্রিটেন সরকার এখনো পর্যন্ত রক্তের প্লাজমা নিয়ে প্রায় ৩৫ লক্ষ সেরোলজি পরীক্ষা করিয়েছে। কিন্তু তার রিপোর্ট এখনো সামনে আসেনি।
সুইস ফার্মাসিউটিক্যাল সংস্থা রস জানাচ্ছে, ইতিমধ্যেই করোনা আক্রান্ত ব্যক্তির ওপরে এই অ্যান্টিবডি টেস্ট করানো হয়েছে, এর ফলাফল পাওয়া যাবে মে মাসের শুরুতে। তাই এখনই এই পদ্ধতি বা তত্ত্বের উপর নির্ভর করা ঠিক নয়, বলে জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button