চাঁদপুরে ম্যারাথনে অংশ নেবে ৮ হাজার প্রতিযোগী

চাঁদপুর প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে চাঁদপুরে আয়োজন করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১। এতে অংশগ্রহণ করবেন চাঁদপুরের ৮ উপজেলার আট হাজার নারী-পুরুষ।
শনিবার(৬ফেব্রুয়ারি) সকাল ১০টায় চাঁদপুর স্টেডিয়ামের টেলি কনফারেন্সের মাধ্যমে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডাঃদীপু মনি।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানানোর জন্যই দেশব্যাপী এ ম্যারাথনের আয়োজন। সেনাবাহিনীসহ আয়োজকদের ধন্যবাদ জানান। তিনি আরও বলেন,তরুণ প্রজন্ম এই ম্যারাথনের মাধ্যমে সুস্থ থাকবে। ম্যারাথনের জন্য নির্ধারিত এ্যাপের মাধ্যমে সকলকে নিবন্ধন করার জন্য আহ্বান জানান তিনি।
৪৪ পদাতিক ব্রিগেড এবং চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে এই ম্যারাথন চলবে আগামী ৭ মার্চ পর্যন্ত। আজ থেকে জেলার ৮ উপজেলার এই ম্যারাথন একযোগে শুরু হচ্ছে। উদ্বোধনী ম্যারাথনে পুলিশ, ফায়ার সার্ভিস কর্মী, আনসার-ভিডিপিসহ বিভিন্ন পেশা শ্রেণীর সহস্রাধিক লোক অংশগ্রহণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। বক্তব্য রাখেন কুমিল্লা সেনানিবাসের ৩ বীর অধিনায়ক লে. কর্ণেল মো. খায়রুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার কাজী আবদুর রহিম, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল।




