গোবিন্দগঞ্জে শালমারা ইউপির চেয়ারম্যান উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বে-সরকারী ভাবে বিজয়ী

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ১৭নং শালমারা ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী নাহিদা আক্তার রুমা আনারস প্রতীকে ৫ হাজার ১৪ ভোট পেয়ে বে-সরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বী আওয়ামী লীগের শাহানা আক্তার নৌকা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৪৬৭ ভোট। তৃতীয় অবস্থানে বিএনপির প্রার্থী আবু তাহের মণ্ডল শামীম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৩৩১ ভোট।মোট ভোট পড়েছে ১১ হাজার ৯৪০টি। এর মধ্যে বৈধ ভোটের সংখ্যা ১১ হাজার ৮১২ এবং বাতিলকৃত ভোটের সংখ্যা ১২৮। ভোট প্রদানের হার ৫৯ দশমিক ৩৯ ভাগ। আজ বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীন ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। তবে জীবনগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট প্রদানের দায়ে তিনজনকে আটক করে আইন-শৃঙ্খলাবাহিনী।উপস্থিতি ম্যাজিস্ট্রেট তিনজনকে ৪ হাজার ৫০০টাকা জরিমানা আদায় করে ভোট শেষে তাদের ছেড়ে দেন।নৌকা মার্কার প্রার্থী শাহানা আক্তার সকালে জীবনগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন। ধানের শীষ মার্কার প্রার্থী আবু তাহের শামীম মণ্ডল ও আনারস মার্কার প্রার্থী নাহিদা আক্তার রুমা তালুকদার শালমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন।প্রসঙ্গত, বিগত নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যান আমীর হোসেন শামিমের বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে পরিষদের ১০ জন সদস্য অনাস্থা প্রস্তাব আনেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ২০১৮ সালের ২৫ ফেব্রুয়ারি তৎকালীন ইউপি চেয়ারম্যান আমির হোসেন শামিমকে চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দিলে তিনি কোনো আপিল করেননি। আজকের উপ-নির্বাচনে বরখাস্ত চেয়ারম্যান আমীর হোসেন শামীমের স্ত্রী নাহিদা আক্তার রুমা স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীকে বিজয়ী হলেন।
উল্লেখ্য,গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়ন পরিষদে ২০ হাজার ১শ’ ৩জন ভোটারের ভোট গ্রহণের সুবিধার্থে ১০টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়।দশটি কেন্দ্রে ৬০টি বুথ তৈরি করা হয়। কেন্দ্রে একজন করে প্রিজাইডিং, বুথপ্রতি একজন সহকারী প্রিজাইডিং ও ১০টি বুথে ১২০ জন পোলিং অফিসারকে প্রশিক্ষণশেষে সংশ্লিষ্ট কেন্দ্রে নিয়োগ দেয়া হয়।এছাড়া আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রতিটি কেন্দ্রে একজন করে ম্যাজিস্ট্রেটের পাশাপাশি পর্যাপ্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন ছিল।গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার ও রিটানিং কর্মকর্তা নির্বাচনী ফলাফল এর তথ্য নিশ্চিত করেন।




