গোবিন্দগঞ্জে নির্বিচারে ভূগর্ভস্থ বালু উত্তোলন : বসতবাড়ীতে ফাটল

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জের বালুয়া বাজারের সন্নিকটে সাবগছি হাতিয়াদহ গ্রামের ভিতরে পুকুর থেকে নির্বিচারে ভূগর্ভস্থ বালু উত্তোলনে পুকুরের আশ পাশের বাড়ী ঘরের নিচে বালু ডেবে গিয়ে ১০টি বসতবাড়ীর থাকার ঘর,আঙ্গিনায় দেখা দিয়েছে ভাঙ্গন। এমনি গ্রামের ভিতরে অবস্থিত ৩৩ হাজার ভোল্টের বিদ্যুতিক টাওয়ার ডেবে যাওয়ার আশংকা দেখা দিয়েছে। সরেজমিনে দেখা যায়, উপজেলার বালুয়া বাজারের সন্নিকটে সাবগছি হাতিয়া দহ গ্রামের মৃত্যু ফজল দালালের ছেলে মুনছুর আলী অবাধে ড্রেজার মেশিন দিয়ে পুকুর থেকে বালু উত্তোলন করে বালু বিক্রি করে আসছে। এতে পুকুর পাড়ের আশ-পাশের বাড়ী ঘর ডেবে গিয়ে দেখা দিয়েছে ভাঙ্গন ও ফাটল। এতে একই গ্রামের মহির উদ্দিনের ছেলে বাদশা মিয়ার নবনির্মিত ভবনসহ আশ পাশের বাড়ী ঘর হুমকির মূখে পড়েছে যে কোন মুহুর্তে বিলিন হওয়ার আশংকা দেখা দিয়েছে। এতে অসহায় ১০টি বসত বাড়ীর মানুষজনের নিদ্রাহীন ভাবে ভয়ে দিন কাটছে। এলাকার লোকজন জানায়, সাবগছি হাতিয়াদহ বালুয়া বাজার এলাকা থেকে অবাধে বালু উত্তলোন করছে মুনছুর মিয়া।এতে বসত বাড়ি সহ গোটা গ্রাম হুমকির মূখে পড়েছে। বাদশা মিয়া জানান, আমার বাড়ি হতে মাত্র ২০ গজ দূরে দুইটি ড্রেজার মেশিন বসিয়েছে। আমি বাঁধা দিলেও তারা মানেনি। আমার বাড়ি ও ভবন হুমকির মূখে রয়েছে। এ ব্যাপারে মুনছুর জানান,আমার পুকুর থেকে আমি বালু তুলি, তাতে অন্য কারো সমস্যা হলে আমার কিছু যায়,আসে না। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রামকৃষ্ণ বর্মন সাংবাদিকদের জানান, এ বিষয়ে আমার জানা নেই। তবে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। বাড়ী,ঘর,বিদ্যুতিক টাওয়ার,গ্রাম রক্ষায় দ্রুত ব্যবস্থা নিবে প্রশাসন এমনটাই দাবী এলাকাবাসীর।




