গেইল ঝড়ে উড়ে গেল খুলনা

বিপিএলের এবারের আসরে সেঞ্চুরি কেন হচ্ছে না সেটা নিয়ে দর্শকদের আক্ষেপের শেষ ছিলো না। বেশ কয়েকজন ব্যাটসম্যান সেঞ্চুরির কাছে গিয়েও ফিরে এসেছেন। অবশেষে দর্শকদের সেই ক্ষুধা মেটালেন টি-টোয়েন্টির ফেরিওয়ালা ক্রিস গেইল।
টি-টোয়েন্টি টুর্নামেন্টে সেঞ্চুরি জিনিসটা যার নামের পাশে সবচেয়ে ভালো মানায় অবশেষে তার হাতেই এলো সেই কাঙ্খিত বস্তু। মিরপুরে শুক্রবার ব্যাট হাতে এখন পর্যন্ত টুর্নামেন্টের সবচেয়ে ভয়াবহ ঝড়টি তুললেন ক্যারিবীয় ব্যাটিং দানব, আর সেই ঝড়ে তছনছ হয়ে গেল খুলনা টাইটানসের শিরোপা স্বপ্ন।
মিরপুরের ক্ষত-বিক্ষত পিচে ১৪০ রান তাড়া করতেই যেখানে ব্যাটসম্যানদের গলদঘর্ম, সেখানে খুলনার ছুড়ে দেয়া ১৬৮ রানের টার্গেটকে কঠিনই মনে হয়েছিলো। এরপর আবার দলীয় ২৫ রানেই দুই উইকেট হারায় রংপুর।
কিন্তু ক্রিস গেইল যেন ব্যাট নয়, দুই হাতে তরবারি চালিয়েছেন খুলনার বোলারদের ওপর।তাই বড় স্কোরও তার কাছে পাত্তা পায়নি। প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ম্যাচকে বানিয়ে দিয়েছেন একপেশে। ২৮ বল হাতে রেখেই রংপুর রাইডার্স ম্যাচ জিতলো ৮ উইকেটে। উঠে গেল দ্বিতীয় কোয়ালিফায়ারে।
গেইলের ইনিংসে ছিলো ১৬টি ছক্কা আর চার ‘মাত্র’ ছয়টি। মাঠে যেন চারের চেয়ে ছক্কা মারাকেই তার কাছে সহজ মনে হয়েছে এদিন। সব মিলে ৫১ বলে খেলেছেন অপরাজিত ১২৬ রানের ইনিংস। তার ঝড়ে প্রথম ১০ ওভারেই ১০৪ রান তোলে রংপুর। ২৩ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন গেইল।
আর ১৪তম ওভারে মাহমুদুল্লার প্রথম বলে সিঙ্গেল নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন ৪৫ বলে। এটি তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১৯তম সেঞ্চুরি। অন্যপাশে ৩৬ বলে ৩০ রান করে অপরাজিত ছিলেন মোহাম্মদ মিথুন।




