Uncategorized

গৃহকর্মী নির্যাতন, ভৈরবে দম্পতি আটক

গৃহকর্মীকে অমানুষিক নির্যাতনের অভিযোগে কিশোরগঞ্জের ভৈরবে এক দম্পতিকে আটক করেছে পুলিশ। গুরুতর আহত অবস্থায় সাদিয়া বেগম (১৮) নামের ওই গৃহকর্মী মঙ্গলবার রাত থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
জানা যায়, সাত বছর আগে এক খালার মাধ্যমে ভৈরব বাজারের মেহেরুন্নেছা অপির বাসায় কাজ করতে আসে সাদিয়া বেগম। সে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার সিংগেরকান্দা গ্রামের মৃত জামাল মিয়ার মেয়ে।
সাদিয়া জানায়, প্রথম দিকে তাকে কাজের জন্য কোন নির্যাতন করা হতনা। কয়েক বছর যাওয়ার পর কাজ করতে গিয়ে তুচ্ছ ঘটনায় যখন-তখন তাকে মারধর করা শুরু হয়। এমনকি প্রায়ই তার হাতে গরম পানি ঢেলে ছ্যাঁকা দিত গৃহকর্ত্রী অপি।
এমনকি অনেক সময় সাদিয়ার হাত-পা বেঁধেও মারধর শুরু হয়। তাকে বাসার বাইরে না যেতে দেয়াসহ বাড়িতেও যেত দিতনা। গৃহকর্ত্রী অপি বাসার বাইরে গেলে সাদিয়াকে ঘরে তালাবদ্ধ করে রেখে যেত।
সোমবার সন্ধ্যায় কাজ করার সময় একটি চুরি ভেঙে গেলে তাকে লাঠি দিয়ে বেদম পেটানো হয়। আবারো গরম পানি ঢেলে হাতে ছ্যাঁকা দেয়া হয়। এরপর রাতে গোপনে সে বাসা থেকে পালিয়ে খালার ভৈরবস্থ ভাড়া বাসায় আশ্রয় নেয়। ঘটনা শুনে তার খালা ভয়ে কারো কাছে অভিযোগ করার সাহস পাননি।
পরে পৌর প্যানেল মেয়র মো. আল আমিন ঘটনা শুনে সাদিয়াকে চিকিৎসা নেয়ার জন্য হাসপাতালে পাঠান। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে তার মুখ থেকে নির্যাতনের বর্ণনা শুনে।
ভৈরব থানার উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন এ ব্যাপারে বলেন, ‘খবর পেয়ে আমি হাসপাতালে গিয়ে সাদিয়ার শরীরে নির্যাতনের চিহ্ন দেখতে পাই।’ থানার অফিসার ইনচার্জের সাথে কথা বলে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার মোঃ ফেরদৌস জানান, তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। আঘাতগুলো গুরুতর বলে তাকে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
পরে পুলিশ ওই বাসা থেকে মেহেরুন্নেছা অপি ও তার স্বামী সাদলীকে আটক করে থানায় নিয়ে যায়।
ভৈরব থানার অফিসান ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান বাংলা’কে জানান, অভিযোগের খবর পেয়ে ওই দম্পতিকে আটক করা হয়েছে। তারা বর্তমানে থানা হেফাজতে আছেন। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সুত্র : বাংলা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button