মানিকগঞ্জের বাবা-মেয়ের চমক:দু’জনই খালেদার উপদেষ্টা

আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ: বিএনপির ৫০২ সদস্যের পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। স্থায়ী কমিটি, চেয়ারপারসনের উপদেষ্টা, ভাইস চেয়ারম্যান, যুগ্ম মহাসচিব ও সদস্য পদে বেশকিছু রদবদল করা হয়েছে। ঘোষিত নতুন কমিটিতে মানিকগঞ্জ জেলা পর্যায়ের শীর্ষ ৮ জন নেতা স্থান পেয়েছেন।
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদে ঠাঁই পেয়েছেন বিশিষ্ট শিল্পপতি হারনার রশীদ খান মুন্নু ও তার মেয়ে আফরোজা খান রিতা। বিএনপির রাজনীতির সঙ্গে থাকা শিল্পপতিদের মধ্যে হারুন অর রশিদ খান মুন্নু অন্যতম। গত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে তিনি ছিলেন দফতরবিহীন মন্ত্রী। সাবেক কমিটিতেও ছিলেন খালেদা জিয়ার উপদেষ্টা।
৬ আগস্ট ঘোষিত ঘোষিত ৭৩ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটিতে বাবার সঙ্গে মেয়ে আফরোজা খান রিতাও খালেদা জিয়ার উপদেষ্টা হয়েছেন। সংশ্লিষ্টদের মতে, বাংলাদেশের কোনো বড় রাজনৈতিক দলে একই সঙ্গে বাবা-মেয়ের একই পদে আসীন হওয়ার ঘটনা বিরল। বিএনপিতেও এর আগে এমনটি ঘটেনি।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নতুন উপদেষ্টা কাউন্সিল গত কমিটির চেয়ে দ্বিগুণেরও বেশি সদস্য নিয়ে গঠন করা হয়েছে। এছাড়া সদ্য ঘোষিত এ উপদেষ্টা কমিটিতে নিয়ে আসা হয়েছে নানা বৈচিত্র। তবে উপদেষ্টা কাউন্সিলে একইসঙ্গে বাবা-মেয়ের স্থান পাওয়া বিএনপি তথা বড় কোন রাজনৈতিক দলে বিরল।
শনিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি চেয়ারপারসনের পক্ষে দলটির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের ৭৩ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।
হারুন অর রশিদ খান মুন্নুর রাজনীতির পাশাপাশি অন্যতম পরিচয় একজন শিল্পপতি। বিএনপি বিগত ক্ষমতার সময় তিনি দফতরবিহীন মন্ত্রী ছিলেন। ছিলেন খালেদা জিয়ার উপদেষ্টাও। অন্যদিকে, পিতৃ পরিচয় ‘জোরালো’ হলেও কম নন আফরোজা খান রিতাও। মাঠের সক্রিয় এই বিএনপি নেত্রী মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি।
এছাড়াও বিএনপির কেন্দ্রীয় কমিটিতে স্থান পেয়েছেন মানিকগঞ্জের আরো ৪ শীর্ষ নেতা। জেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্তকে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এবং বিএনপির প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন এর পুত্র খোন্দকার আব্দুল হামিদ ডাবলু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস, এ জিন্নাহ এবং সাবেক ছাত্র নেত্রী রুখসানা খানম মিতু কে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য করায় আনন্দ মেজাজে রয়েছে মানিকগঞ্জ বিএনপির নেতা- কর্মীরা।
এ ব্যাপারে মানিকগঞ্জ জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক তোজাম্মেল হক তোজা বলেন, দীর্ঘ সময় নিয়ে যাচাই বাছাই করে দলের চেয়ারপারসন এই কমিটি ঘোষণা করেছেন। পরিক্ষিত ও ত্যাগী নেতাদেরই কেন্দ্রীয় কমিটিতে যোগ্য স্থান দেয়া হয়েছে। সাবেক মন্ত্রী হারুন অর রশিদ খান মুন্নু ও জেলা বিএনপির সংগ্রামী সভাপতি আফরোজা খান রিতাকে চেয়ারপারসনের উপদেষ্টা মনোনিত করায় জেলার নেতা কর্মীদের মাঝে আনন্দের জোয়ার বইছে। এতে জেলা বিএনপি আরো কার্য্যকরী ও দলের দুর্দিনে শক্তিশালী ভূমিকা রাখবে।
জেলা ছাত্রদলের সভাপতি মাসুদ পারভেজ অনেকটা আক্ষেপের সুরে বলেন, ত্যাগী নেতা আফরোজা খান রিতা মানিকগঞ্জ জেলাসহ জাতীয় রাজনীতিতে অক্লান্ত শ্রম ও মেধা দিয়ে দলের জন্য নিবেদিতপ্রাণ নেত্রী। বিএনপির কেন্দ্রিয় কমিটিতে রিতা আপার ব্যাপারে আরো গুরুত্বপূর্ণ ও মর্যাদাশীল পদ প্রত্যাশী ছিলাম। কেন্দ্রিয় কমিটিতে একই পদে অনেক নেতারই ঠাঁই হয়েছে যারা রাজনৈতিক কর্মকান্ডে অনেকটাই নিষ্ক্রিয়।
চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপি সভাপতি আফরোজা খান রিতা বলেন, পদের জন্য নয় আমি রাজনীতি করি বিএনপির। আর বিএনপির রাজনীতি মানেই দেশ ও জনগনের গনতান্ত্রিক অধিকার অক্ষুন্ন রাখা। নতুন-পুরাতন ও তরুণদের সমন্বয়ে যে কমিটি করেছেন তা রাজনীতির এই দুঃসময়ে বিএনপির ভাবমুর্তি উজ্জ্বল করতে পারবে। সততা ও নিষ্ঠা নিয়ে কমিটির সদস্যরা রাজনীতিতে অবদান রাখতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। দলের গুরত্বপূর্ণ পদে অধিষ্ঠিত করায় তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুন্যের অহংকার তারেক রহমানের প্রতি কতৃজ্ঞতা জ্ঞাপন করেন।



