গাজীপুরের সিনিয়র সাংবাদিক সৈয়দ মনিরের ইন্তেকাল

গাজীপুর প্রতিনিধি : সাংবাদিক সৈয়দ মনিরুল আলম গাজী (৬০) বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও একমাত্র কন্যা রেখে গেছেন। শুক্রবার বাদ জুমা গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার জামালপুর গ্রামে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে। গত এপ্রিলের শেষের দিকে তার ক্যান্সার সনাক্ত হলে তিনি চিকিৎসাধীনে ছিলেন।
সাংবাদিক মনিরের মৃত্যুতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি এম আব্দুল্লাহ ও মহাসচিব রোকন উদ্দিন গভীর শোক প্রকাশ করেছেন।
এছাড়া গাজীপুর প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন, গাজীপুরসহ জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করে মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জায়েদা খাতুন, সাবেক মেয়র মো: জাহাঙ্গীর আলম, গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান, বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি হাসান উদ্দিন সরকার, গাজীপুর মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক সালাহ উদ্দিন সরকার, মহানগর বিএনপির সভাপতি মো: শওকত হোসেন সরকার ও সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি এবং জেলা ও মহানগর জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন।
সাংবাদিক সৈয়দ মনিরুল আলম গাজী ইসলামিক টেলিভিশনের গাজীপুর জেলা প্রতিনিধি ছিলেন। বর্তমান সরকার টেলিভিশনটি বন্ধ করে দেয়ার পর তিনি বেশ কিছু দিন বেকার ছিলেন। পরে সময় টেলিভিশনে গাজীপুর জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
এর আগে তিনি দৈনিক দিনকালসহ বিভিন্ন পত্রিকায় যুক্ত ছিলেন। গাজীপুর প্রেসক্লাবের সদস্য সৈয়দ মনির এক সময় টঙ্গী প্রেসক্লাবের নির্বাচিত কোষাধ্যক্ষও ছিলেন।


