খেলা

ক্রিকেটারদের জন্য নিষিদ্ধ হলো বিরিয়ানি-মিষ্টি!

পাকিস্তান ক্রিকেট দলের ডায়েট চার্ট থেকে বাদ দেয়া হয়েছে বিরিয়ানি ও মিষ্টি জাতীয় খাবার। খেলোয়াড়দের সর্বোচ্চ ফিটনেস নিশ্চিত করতে খাদ্যতালিকায়ও নজর দিয়েছেন পাকিস্তান ক্রিকেট দলের নবনিযুক্ত প্রধান কোচ ও প্রধান নির্বাচক মিসবাহ-উল-হক।
ইংল্যান্ড বিশ্বকাপের আগে পাকিস্তান জাতীয় দলের অধিনায়ক সরফরাজ আহমেদের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ হাস্যরসের জন্ম দিয়েছিল। ভারতের বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ ম্যাচের আগে পাকিস্তানি অধিনায়ককে দেখা গিয়েছিল পিৎজা ও বার্গার খেতে। ম্যাচটিতে চির প্রতিদ্বন্দ্বীদের কাছে বড় ব্যবধানে হারতে হয়েছিল পাকিস্তানকে।
খেলোয়াড়দের ফিটনেসের ব্যাপারটা খুব গুরুত্বের সঙ্গে নিচ্ছেন মিসবাহ। খেলোয়াড়দের ফিটনেস আরো উচ্চ পর্যায়ে নিয়ে যেতে চান পাকিস্তান দলের সাবেক এই অধিনায়ক। খেলোয়াড়দের বিরিয়ানি, চর্বিসমৃদ্ধ মাংস ও মিষ্টিজাতীয় খাবার না খাওয়ার নির্দেশ দিয়েছেন মিসবাহ।
পাকিস্তানি সাংবাদিক সাজ সাদিক এক টুইটে লিখেছেন, ‘ঘরোয়া টুর্নামেন্ট ও আন্তর্জাতিক ক্যাম্পগুলোতে মিসবাহ-উল-হক খেলোয়াড়দের খাদ্য ও পুষ্টি তালিকা পরিবর্তন করেছেন। এখন থেকে খাদ্যতালিকায় কোনো বিরিয়ানি, চর্বিসমৃদ্ধ লাল মাংস বা মিষ্টিজাতীয় খাবার থাকবে না।’
সম্প্রতি মিসবাহর সঙ্গে পাকিস্তানের বোলিং কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ওয়াকার ইউনুস। আগামী তিন বছরের জন্য এই দায়িত্বে থাকবেন তারা। কোচ হিসেবে মিসবাহর প্রথম পরীক্ষা শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button