ক্যারিয়ারের সেরা সময়ে আছি : অনিতা
জনপ্রিয় টেলিতারকা অনিতা হাসানন্দানি এখন ব্যস্ত সময় পার করছেন। ‘ইয়েহ হ্যায় মোহাব্বাতেন’, ‘নাগিন-৩’ ও ‘কমেডি সার্কাস’ টিভি শোতে অভিনয় করছেন অনিতা। বলেছেন, তিনি এখন ক্যারিয়ারের সেরা সময়ে আছেন।
‘কমেডি সার্কাস’ প্রসঙ্গে তিনি বলেন, ‘কমেডি সার্কাস একটি ব্র্যান্ড, এর অংশ হলে যে কারো ভালো লাগবে। অবশ্য অপটিমিস্টিক্সও আমার প্রিয়। খুব বেশি কমেডি করিনি। তাই এটা আমার জন্য সত্যিই উত্তেজনার।’
কমেডি কি স্বাভাবিকভাবেই ভেতর থেকে আসে? উত্তরে এ অভিনেত্রী বলেন, ‘যখন কমেডি নাইটস বাঁচাও করি, তখন সত্যিই চিন্তিত ছিলাম। ভয়ও পেয়েছিলাম। কিন্তু প্রত্যেক পর্বে আমি স্বস্তিতেই ছিলাম। বলব না, আমি খুব ফানি; আমি খুব শালীন। আর এখন মানুষের কাছাকাছি আসার পর, একটু অন্যরকম মজাও করতে পারি। আমি সত্যিই কমেডি উপভোগ করি এবং মঞ্চে ভালো মজা করতে পারি।’
‘কমেডি সার্কাস’ ছাড়াও অনিতা ‘নাগিন-৩’ ও ‘ইয়েহ হ্যায় মোহাব্বাতেন’ শোতে কাজ করছেন। এত কাজের ব্যবস্থাপনা কীভাবে করেন? অনিতা বলেন, খুব ব্যস্ততা পার করলেও তিনি কাজ উপভোগ করেন। অনেক অভিনেতাই একসাথে একাধিক শোতে কাজ উপভোগ করেন না। তবে তিনি উপভোগ করেন। তাছাড়া তাঁর স্বামী তাঁকে খুব সহায়তা করেন।
অনিতা এ-ও স্বীকার করেন, ‘নাগিন-৩’ যে সব রেকর্ড ভেঙে দেবে, তিনি তা ভাবতেও পারেননি। ‘সত্যি বলছি, আমরা কল্পনাও করতে পারিনি। আমরা নার্ভাস ছিলাম। যেহেতু এটা ব্র্যান্ড হয়ে গেছে, তাই আমরা এর সাফল্য ধরে রাখতে চেয়েছি। পুরো টিমই কঠিন পরিশ্রম করেছে। আমরা চেয়েছি, এটা ভালো হোক। সত্যিই খুব খুশি যে, দর্শককে বিনোদিত করতে পেরেছি’, বলেন অনিতা।
ধারাবাহিকভাবে কাজ করতে পেরে নিজেকে আশীর্বাদপুষ্ট বলেছেন এ অভিনেত্রী। অনিতা বলেন, ‘নিশ্চিতভাবেই ক্যারিয়ারের সেরা সময় পার করছি। বিভিন্ন চ্যানেলে বিভিন্ন চরিত্রে ভিন্ন ভিন্ন শো করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। আমি সত্যিই সৌভাগ্যবান।’
‘কমেডি সার্কাস’ শো সনি টিভিতে প্রতি রোববার রাত ৯টায় প্রচারিত হয়। সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস




