
ক্যাবল নেটওয়ার্কে আলাদা ভিডিও চ্যানেল এবং স্থানীয় বিজ্ঞাপন প্রচার করা যাবে না বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, এগুলো বন্ধের জন্য তারিখ নির্ধারণ করে দেওয়া হবে। পরে কেউ শর্ত ভঙ্গ করলে লাইসেন্স বাতিলসহ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার (১৭ এপ্রিল) সচিবালয়ে ক্যাবল অপারেটরদের সংগঠন কোয়াব ঐক্য পরিষদ ও সংশ্লিষ্ট সংগঠন প্রতিনিধিদের বৈঠকে তথ্যমন্ত্রী একথা বলেন।বাংলাদেশে ক্যাবল নেটওয়ার্ক ঘরে ঘরে পৌঁছে দেওয়ার কাজ করে আসছেন জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। বাংলাদেশে যে তিন কোটি টেলিভিশন ব্যবহার হয়, এটি ধরে নেওয়া হয়। সেই ক্ষেত্রে আপনারা ক্যাবল নেটওয়ারর্কের মাধ্যমে টেলিভিশন চ্যানেল পৌঁছে দিচ্ছেন। আগে শুধু শহরে সীমাবদ্ধ ছিল, এখন প্রত্যন্ত গ্রামাঞ্চলেও ক্যাবল নেটওয়ার্ক বিস্তৃত হয়েছে। এক্ষেত্রে আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
ড. হাছান মাহমুদ জানান, আমাদের একটি জিনিস মনে রাখতে হবে, যে যে কাজের জন্য লাইসেন্স নিয়েছেন তাদের লাইসেন্সের সেই শর্ত মানতে হবে। লাইসেন্সের শর্তগুলো সবাই সঠিকভাবে যদি পালন করে তাহলে এই খাতে বিশৃঙ্খলা তৈরি হয় না। লাইসেন্সের শর্ত সবার মানা প্রয়োজন।
তথ্যমন্ত্রী জানান, ক্যাবল নেটওয়ার্ক পরিচালনার জন্য যারা লাইসেন্স নিয়েছেন তারা শুধু ক্যাবল নেটওয়ার্কই পরিচালনা করবেন, সেখানে অন্য কিছু করার সুযোগ নেই। সেখানে বিজ্ঞাপন দেখানোর সুযোগ নেই, সিনেমা দেখানো বা অন্য কোনো অনুষ্ঠান দেখানোর সুযোগ নেই।




