sliderস্থানিয়

বাঘাইছড়িতে শহিদ মিনার সংস্কার ও রংকরণে এগিয়ে এলো বিজিবি

মোঃ আব্দুজ জাহের,বাঘাইছড়ি প্রতিনিধি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার তুলাবান উচ্চ বিদ্যালয়ের জরাজীর্ণ শহিদ মিনার সংস্কার ও রংকরণ করেছে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)। নতুন সাজে সজ্জিত শহিদ মিনারটি রোববার (৯ আগস্ট ২০২৬) এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গত ২ আগস্ট মারিশ্যা জোনের জোন কমান্ডার তুলাবান উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় বিদ্যালয় প্রাঙ্গণে থাকা শহিদ মিনারটির জরাজীর্ণ অবস্থা তাঁর নজরে আসে। ভাষা শহিদদের স্মৃতিবিজড়িত গুরুত্বপূর্ণ এই স্থাপনাটির সংস্কার ও সৌন্দর্যবর্ধনের প্রয়োজনীয়তা অনুভব করে তিনি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

জোন কমান্ডারের নির্দেশনার পর মারিশ্যা জোনের ব্যবস্থাপনায় এবং বিজিবি সদস্যদের সরাসরি তত্ত্বাবধানে কয়েকদিনের মধ্যে শহিদ মিনারটির প্রয়োজনীয় সংস্কারকাজ সম্পন্ন করা হয়। পরে পুরো শহিদ মিনারে নতুন করে রং করা হলে এটি নান্দনিক ও আকর্ষণীয় রূপ লাভ করে।

এ বিষয়ে মারিশ্যা জোনের জোন কমান্ডার বলেন, “শহিদ মিনার আমাদের ভাষা আন্দোলনের শহিদদের আত্মত্যাগের এক অনন্য স্মারক। ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাঁদের স্মৃতি নতুন প্রজন্মের মাঝে জাগ্রত রাখতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি আরও বলেন, “এই সংস্কারের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম ও ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধাবোধ আরও সুদৃঢ় হবে বলে আমরা আশা করি। জনকল্যাণমূলক এ ধরনের কার্যক্রম বিজিবির পক্ষ থেকে ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

শহিদ মিনারটি সংস্কার ও রংকরণ করায় তুলাবান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়রা মারিশ্যা জোনের বিজিবি সদস্যদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।
তাদের মতে, নবসজ্জিত শহিদ মিনারটি শুধু বিদ্যালয়ের সৌন্দর্যই বৃদ্ধি করেনি, বরং শিক্ষার্থীদের মাঝে ভাষা আন্দোলনের ইতিহাস, দেশপ্রেম ও শহিদদের আত্মত্যাগের চেতনাও আরও গভীরভাবে জাগ্রত করবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button