ক্যানসারে আক্রান্ত মাসুম আজিজ

সদ্য ঘোষিত ২০২২ সালের একুশে পদকজয়ী বর্ষীয়ান অভিনেতা-নাট্যকার মাসুম আজিজ ক্যানসারে আক্রান্ত হয়েছেন। ইতোমধ্যে তার চিকিৎসা শুরু হয়েছে। গত জানুয়ারিতে তার ফুসফুসে রোগটি ধরা পড়ে। চলছে তার কেমো ও রেডিওথেরাপি।
জানা যায়, মোট ৮টি কেমোথেরাপি ও ৩০টি রেডিওথেরাপি তাকে দিতে হবে। ইতোমধ্যে তিনি কেমোথেরাপি দিয়েছেন তিনবার। রেডিওথেরাপি দেওয়া হয়েছে ১৩ বার।
মাসুম আজিজ বলেন, ‘আমার লড়াই এখন ক্যানসারের সঙ্গে। জিতবো কিনা জানি না। তবে তার আগে এমন রাষ্ট্রীয় স্বীকৃতিতে আমি অভিভূত।’
চিকিৎসা প্রসঙ্গে তিনি বলেন, এখন পর্যন্ত ৯ লাখ টাকা খরচ হয়েছে। চিকিৎসক বলেছেন আনুমানিক ১৬ লাখ টাকা খরচ হবে। চিকিৎসা চালাতে কিছুটা আর্থিক সমস্যা হচ্ছে তার। তবে প্রচারবিমুখ এ মানুষটি বিষয়টি নিয়ে কারও কাছে সেভাবে মুখ খোলেননি এখনও।
অন্যদিকে, একুশে পদকপ্রাপ্তিতে তিনি বলেন, ‘আমি গতকাল (২ ফেব্রুয়ারি) সংবাদটি জানতে পারি। শোনার পর একটা চিৎকার দিয়েছি। আনন্দ হয়েছে, কান্নাও পেয়েছে।’

মাসুমের কথায়, এর কারণও আছে। আমি তো সারা জীবন নাটক ছাড়া কিছু করিনি। আবার যেটুকু করেছি তার জন্য কারও কাছে কোনও পুরস্কার বা কিছু চাইনি। তাই রাষ্ট্র যখন নিজ থেকে আমাকে এটা দিচ্ছে, তা আমার জন্য অনেক বিশেষ। কতটা বিশেষ এটা বলে বোঝাতে পারবো না।
মাসুম আজিজ ছাড়াও শিল্পকলায় বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় একুশে পদক পাচ্ছেন জিনাত বরকতউল্লাহ (নৃত্য), মাহমুদুর রহমান বেণু (সংগীত), ইকবাল হোসেন (সংগীত), নজরুল ইসলাম বাবু (মরণোত্তর, সংগীত), আফজাল হোসেন (অভিনয়) ও খালেদ মাহমুদ খান (মরণোত্তর-অভিনয়)।




