কেশবপুরে করোনা যুদ্ধে জয়ী হয়ে বাড়ি ফিরলো দশ জন

যশোরের কেশবপুর উপজেলায় ১২জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ছিলেন। এরমধ্যে দশজন করোনা যুদ্ধে জয়ী হওয়ায় তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে আইসোলেশন ছাড়পত্র দেয়া হয়েছে। সোমবার বিকেলে আক্রান্তদের রিপোর্টে নেগেটিভ আশায় তাদের আইসোলেশন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মো. শাহিন।
তিনি বলেন, আক্রান্তরা এখন সবাই সুস্থ । তারা পূর্বের মতো আবার নিজে নিজে তাদের কাজ করতে পারবেন। করোনা যুদ্ধে জয়ীদের মধ্যে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আটজন রয়েছেন। তাদের মধ্যে ২জন মেডিকেল অফিসার, ২ জন সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, দুইজন স্বাস্থ্যকর্মী, একজন টেকনিশিয়ান ও একজন সহকারী স্বাস্থ্য কর্মী রয়েছে, অন্য দুইজন হল উপজেলার ধর্মপুর গ্রামের একজন গৃহবধূ , অপর জন বাইশা গ্রামের একজন।
কেশবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. আলমগীর হোসেন বলেন, আক্রান্ত অপর দুইজন আইসোলেশন রয়েছে।




