কেরানীগঞ্জে ইউপি চেয়ারম্যানকে র্যাবের মারধর, পিস্তল ঠেকিয়ে গুলি করার হুমকি

মোঃ মাসুদ, কেরানীগঞ্জ প্রতিনিধি : ঢাকা জেলার কেরানীগঞ্জে প্রতিমা বিসর্জনকালে উপজেলার আগানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী জাহাঙ্গীর খুশিকে মারধর করেছেন র্যাবের সিভিল টিমের সদস্যরা,মারধরের এক পর্যায়ে তাকে পিস্তল ঠেকিয়ে গুলি করারও হুমকি দেন টিমের সদস্যরা ।
বুধবার রাত ৮.৩০ মিনিটের দিকে আগানগর বেরিবাধ বুড়িগঙ্গা নদীর তীরে এ ঘটনা ঘটে, পরে প্রতিমা বিসর্জন দিতে আসা হাজার হাজার জনতা গাড়ীরসহ র্যাব সদস্যদের অবরুদ্ধ করে রাখে, খবর পেয়ে পুলিশ ও র্যাবের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসে অভিযুক্ত র্যাব সদস্যদের জনতার রোষ থেকে উদ্ধার করে নিয়ে যান।
এবিষয়ে আগানগর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের মেম্বার মো: শাহীন জানান, রাত সাড়ে ৮ টার দিকে সনাতন ধর্মাবলম্বী সহ উৎসবে অংশ নেয়া লোকজনের সঙ্গে প্রতিমা বিসর্জন দিতে আগানগর নাগরমহল ঘাটের বেরিবাধে বুড়িগঙ্গা নদীর তীরে আসেন ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ খুশি, এসময় বেরিবাধে ব্যাপক আকারে যানজট লেগে যায়, পরবর্তীতে চেয়ারম্যান নিজেই যানজট নিরসনে কাজ করছিলেন, এসময় একটি মাইক্রো গাড়ীকে (ঢাকা মেট্রো খ ১২-৮৬৫১) বেরিবাধ থেকে সরিয়ে দিতে গেলে চালকের সঙ্গে তার কথা কাটাকাটি হয়, এর জের ধরে ওই গাড়ীতে সাদা পোশাকে থাকা র্যাবের কয়েক সদস্য বের হয়ে চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ খুশিকে মারধর শুরু করেন, মারার একপর্যায়ে তাকে পাশের একটি মার্কেটের ভেতর নিয়ে যান, সেখানে তার পরনের পোশাক ছিড়ে ফেলে র্যাব সদস্যরা, এসময় চেয়ারম্যান তার পরিচয় দিলে তাকে খারাপ ভাষায় গালাগাল করে পিস্তল ঠেকিয়ে গুলি করার হুমকি দেয়। এসময় কয়েকজন ইউপি মেম্বারসহ স্থানীয় কয়েক ব্যক্তি মার্কেটের ভিতর ঢুকে চেয়ারম্যান বাঁচাতে গেলে তাদেরও মারধর করে র্যাব সদস্যরা, চেয়ারম্যানকে মারধরের খবর ছড়িয়ে পড়লে হাজার হাজার জনতার বিক্ষোভের মুখে র্যাব সদস্যরা গাড়ী নিয়ে চলে যাওয়ার চেষ্টা করলে বিক্ষুব্ধ জনতা গাড়ীসহ তাদের অবরুদ্ধ করে রাখেন।
জানা গেছে, ওই গাড়ীতে থাকা সাদা পোশাকে র্যাবের গোয়েন্দা শাখার ৮ সদস্য ছিলেন। তারা হলেন, ডিএডি কাউসার, কর্পোরাল আহসান হাবিব, সৈনিক শাহান, সারোয়ার, এএসআই শরীফ, কর্পোরাল আহসান, জুবায়ের, ও গাড়ী চালক সৈনিক মনির।



