কুষ্টিয়ায় এক ঘণ্টার ব্যবধানে ২ বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সংবাদদাতা, কুষ্টিয়া : কুষ্টিয়ার দৌলতপুরে মাত্র এক ঘণ্টার ব্যবধানে দুই চাচাতো বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা ১২টা থেকে ১টার মধ্যে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের কামারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- স্থানীয় বাসিন্দা মুনতাজ আলীর মেয়ে রুমা খাতুন (২৫) এবং তার চাচাতো বোন মোয়াজ্জেম হোসেনের মেয়ে মুক্তা খাতুন (১৬)।
আড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাঈদ আন্সারী বিপ্লব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মুক্তা খাতুন চার মাস আগের একটি ধর্ষণ মামলার সহযোগী হিসাবে আসামি ছিল। তারপর থেকেই গ্রেপ্তার এড়াতে সে তার চাচাতো বোন রুমা খাতুনের স্বামীর বাড়িতে আত্মগোপনে ছিল। কয়েক দিন পূর্বে মুক্তা নিজ বাড়িতে ফিরে আসে। শুক্রবার দুপুর ১২টার দিকে মুক্তা খাতুনের ঘরে ঝুলন্ত মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। এদিকে মুক্তা খাতুনের মৃত্যুর সংবাদ শুনে রুমা খাতুনও নিজ ঘরে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
মুক্তা খাতুন ধর্ষণ মামলার আসামি হওয়ার কারণে মানসিক ভাবে ভেঙে পড়েছিল বলেও জানান এই ইউপি চেয়ারম্যান।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল হক জানান, গলায় ফাঁস দিয়ে দুই নারীর আত্মাহত্যার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। একই দিনে দুই বোনের অস্বাভাবিক মৃত্যুর বিষয়টি রহস্যজনক। এটি প্রকৃত অর্থেই আত্মহত্যা নাকি হত্যা তা তদন্ত করে দেখছে পুলিশ। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করা যাবে।



