কিং খানের চমক : নাইট রাইডার্সে স্টেইন-গেইলও

ক্রিস গেইল খেলবেন নাইট রাইডার্সে, শুধু তাই নয় সঙ্গে রয়েছেন ডেল স্টেইনও। আনন্দে নেচে উঠল মনটা ,তাহলে আর কী কয়েক পাক নেচে নিন। কিন্তু কলকাতায় নয়, কেপ টাউনে। শুনলেন, কলকাতা নাইট রাইডার্সের জার্সি গায়ে এরা খেলবেন না। খেলবেন কেপটাউন নাইট রাইডার্সের জার্সি গায়ে।
ক্রিকেট সাউথ আফ্রিকার উদ্যোগে টি-টোয়ন্টি গ্লোবাল লিগ আয়োজন হয়েছে সেখানেই খেলবে শাহরুখ খানের কেপটাউন নাইট রাইডার্স বা সিকেআর। ৩ নভেম্বর থেকে হবে এই টুর্নামেন্ট। কলকাতার দলে যারা খেললে ম্যাচের রঙ বদলে যেত বলে ভেবেছেন তাঁরা অনেক দূরের সিকেআরের জার্সিতে খেলবেন।
কিং খানের দলের অধিনায়কত্বের ব্যাটন থাকবে জেপি ডুমিনির হাতে। অন্যদিকে দলের কোচিংয়ের ভার সামলাবেন কলকাতা নাইট রাইডার্সের কোচ জাক কালিস।
চোটের ধাক্কায় প্রায় ৯ মাস মাঠের বাইরে রয়েছেন দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পারথ টেস্টে খেলতে গিয়েই কাঁধে চোট পেয়েছিলেন তিনি। সেই থেকে ক্রিকেটের বাইরে তিনি। ডেল স্টেইন এতদিন ধরে আইপিএল খেললেও কখনো, শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্সে খেলেননি। এদিকে ক্রিস গেইল সৌরভের সময়ে নাইট রাইডার্সের সঙ্গী হলেও এখন ঘর বদলে ব্যাঙ্গালোর রয়াল চ্যালেঞ্জার্সের বাসিন্দা।
সব ঠিক চললে আগামী ৩ নভেম্বর কেপটাউন নাইট রাইডার্সের হয়ে দক্ষিণ আফ্রিকার টি২০ গ্লোবাল লিগে খেলতে নামবেন ডেল স্টেইন, ক্রিস গেইল এবং জেপি ডুমিনির মতো তারকারা। আর তাদের উল্টোদিকে থাকবেন, এবি ডিভিলিয়ার্স, মর্নি মর্কেল এবং ডোয়েন ব্র্যাভোরা খেলবেন প্রিটোরিয়া মাভেরিকের হয়ে।




