
আসাদুল্লাহ মাসুম, কাপাসিয়া প্রতিনিধি: জনতার বন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে গাজীপুরের কাপাসিয়া দারুল উলুম মাদরাসা ও এতিমখানা প্রাঙ্গণে ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও সমাজসেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
এ ক্যাম্পে প্রায় ২০০ জনের রক্তের গ্রুপ পরীক্ষা সম্পন্ন করা হয়। পাশাপাশি ব্লাড ডোনার ডাটাবেজ তৈরি, স্বাস্থ্য সচেতনতা প্রচার, শিক্ষার্থীদের মাঝে খাতা-কলম বিতরণ, ঔষধি ও ফলদ গাছের চারাগাছ বিতরণসহ বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম পরিচালিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদরাসার প্রধান শিক্ষক মাহমুদ হাসান মারুফ। এছাড়াও জনতার বন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি শরিফ উদ্দিনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে জনতার বন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি শরিফ উদ্দিন বলেন, মানবতার সেবাই আমাদের মূল লক্ষ্য। আমরা চাই সমাজের প্রতিটি মানুষ স্বাস্থ্যসেবা ও মানবিক সহযোগিতা পাবে। এ ধরণের আয়োজন শুধু চিকিৎসা নয়, মানুষকে ঐক্যবদ্ধ করে সমাজে ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করে। আমি সকলকে ধন্যবাদ জানাই যারা স্বেচ্ছাশ্রমে ও আন্তরিকভাবে এই ক্যাম্প সফল করেছেন।”
মাদরাসার প্রধান শিক্ষক মাহমুদ হাসান বলেন, “আমাদের প্রতিষ্ঠানে এ ধরনের আয়োজন হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ। আজকের এই মেডিকেল ক্যাম্প শিক্ষার্থীসহ স্থানীয় জনগণকে সচেতন ও উপকৃত করেছে। আমি জনতার বন্ধু ফাউন্ডেশনের উদ্যোগকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং তাদের ভবিষ্যৎ কার্যক্রমের সাফল্য কামনা করি।”



