বিনোদন

কানাডা মাতালেন চঞ্চল ও খুশী

দশ বছরেরও বেশি আগে কানাডার মন্ট্রিয়ালে একটি মিউজিক্যাল শোতে সঙ্গীত পরিবেশন করতে গিয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা চঞ্চল চৌধুরী। দশ বছর পর আবারো তিনি কানাডা গেছেন গত সপ্তাহে। এবারো একটি মিউজিক্যাল শোতে অংশ নিয়েছেন তিনি।
তবে এবার মিউজিক্যাল শোতে অন্যান্য শিল্পীরা সঙ্গীত পরিবেশন করলেও চঞ্চল চৌধুরী ও তার সহশিল্পী শাহানাজ খুশী দু’টি মঞ্চ নাটক মঞ্চায়ন করেছেন। গত ১৪ ও ১৫ অক্টোবর কানাডার টরোন্টোতে একটি মিউজিক্যাল শোতে তারা দু’জন দু’টি ভিন্ন মঞ্চ নাটকে অভিনয় করেন। টরেন্টোতে বসবাসরত প্রতিবন্ধী ও অসহায় নারীদের সহায়তা করার জন্য এই শোর আয়োজন করা হয় বলে জানান চঞ্চল ও খুশী।
বৃন্দাবন দাস রচিত ও নির্দেশিত ‘মাটির টানে’ ও ‘ভুতের স্বর্গ’ নাটক দু’টি মঞ্চস্থ হবে টরেন্টোর মাটিতে। এর আগে চঞ্চল ও খুশী আমেরিকায় অ্যাওয়ার্ড শোতে একসঙ্গে ছয়বার গেলেও এবারই প্রথম দু’জন একসঙ্গে একই শোতে অংশ নিতে কানাডা গেলেন।
চঞ্চল চৌধুরী বলেন, ‘এর আগে আমি এস আই টুটুল ভাই, মোশাররফ করিম, ন্যান্সিসহ অনেকের সঙ্গে মিউজিক্যাল শোতে অংশ নিতে কানাডার মন্ট্রিয়ালে গিয়েছিলাম। এবারই প্রথম আমি ও খুশী একসঙ্গে দু’টি মঞ্চ নাটক নিয়ে কানাডার টরোন্টো এসেছি। নিঃসন্দেহে এটা ভীষণ ভালোলাগার বিষয়। তবে বেশি ভালোলাগার বিষয় এই যে আমরা দু’জনই প্রতিবন্ধী শিশু ও অসহায় নারীদের সাহায্যের জন্য আয়োজিত এমন একটি শোতে অংশ নিতে পেরেছি। একজন শিল্পী হিসেবে, একজন মানুষ হিসেবে এটা আমার দায়িত্বের মধ্য থেকে করা।’
শাহানাজ খুশী বলেন, ‘মাটির টানে এবং ভুতের স্বর্গ নাটক দু’টি দর্শকের কাছে ভীষণ উপভোগ্য হয়েছে। মাটির টানে নাটকটি শুরুর দিকে বেশ হাসি এবং মজার হলেও শেষের দিকে এটি ভীষণ আবেগী। দর্শকের মন ছুঁয়ে যাওয়ার মতো এ দু’টি নাটক। কানাডার মাটিতে দেশের নাটক নিয়ে মঞ্চস্থ করার বিষয়টি সত্যি গর্বের।’
আগামী ২৫ অক্টোবর দেশে ফিরবেন চঞ্চল চৌধুরী ও শাহনাজ খুশী। এ দিকে এরই মধ্যে চঞ্চল ও খুশী মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত এনটিভিতে প্রচার চলতি ধারাবাহিক ‘পোস্ট গ্র্যাজুয়েট’র শুটিং সম্পন্ন করেছেন। গেলো ঈদে তাদের অভিনীত ‘হ্যাপি ফ্যামিলি’ নাটকটি বেশ দর্শকপ্রিয়তা পায়। নয়া দিগন্ত

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button