
মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে বাংলাদেশের অন্যতম বড় একটি শ্রমবাজার কাতার। দেশটিতে বর্তমানে প্রায় চার লাখের বেশি বাংলাদেশি বিভিন্ন পেশায় কর্মরত রয়েছেন। সরকারের প্রচেষ্টায় আবার দেশটিতে জনশক্তি রপ্তানি শুরু হচ্ছে। দেশটিতে যেতে সরকারি খরচ পড়বে এক লাখ ৭৮০ টাকা।
এ বিষয়ে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (অভিবাসী কল্যাণ অনুবিভাগ) ড. আহমেদ মুনিরুছ সালেহীন গণমাধ্যমকে বলেন, বিশ্বের সেরা দেশের কাতারে যেতে দেশটি ভিশন-২০৩০ ঘোষণা করেছে। ২০২২ সালের বিশ্বকাপ ফুটবলের আয়োজকও কাতার। এখন আধুনিক সব স্টেডিয়াম নির্মাণসহ বিশাল কর্মযজ্ঞ চলছে সেখানে। ফলে দেশটিতে এখন বিভিন্ন খাতে বিপুলসংখ্যক লোকবলের চাহিদা রয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে কাজও চলছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে উচ্চ পর্যায়ের কূটনৈতিক যোগাযোগ স্থবির থাকায় জনশক্তি রপ্তানি কিছুটা কমেছে।
সরকারের প্রচেষ্টায় আবার বাড়তে যাচ্ছে দেশটিতে জনশক্তি রপ্তানি। তবে এবার দেশটিতে যেতে ইচ্ছুকরা দালালদের প্রতারণার শিকার যাতে না হয়, সে বিষয়ে কঠোরতা অবলম্বন করা হয়েছে। রিক্রুটিং এজেন্সিগুলো সরকারের অনুমতি ছাড়া কোনো কর্মী বিদেশে পাঠাতে পারবে না।
কাতার যাওয়ার আগে দেশটিতে নিয়োগকারীর সাথে সম্পাদিত শ্রম চুক্তিপত্রের একটি কপি সংগ্রহ করার পরামর্শ দিয়েছে দূতাবাস। কারণ কাতারে যাওয়ার পর বেতন সংক্রান্ত বা অন্য কোনো সমস্যা হলে এই চুক্তিপত্রের কপি প্রয়োজন পড়বে।
একই সাথে শ্রম চুক্তির কপি সংগ্রহ না করে স্মার্ট কার্ড নিতে বা টিকেট কেনা বা কোনো ধরনের প্রস্তুতি না নেয়ারও পরামর্শ দিয়েছে দূতাবাস।




