
মোঃ আব্দুজ জাহের,বাঘাইছড়ি প্রতিনিধি: রাঙ্গামাটির বাঘাইছড়ি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মুসলিম ব্লক এলাকায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এক অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি।
গত ৩ জুন বিকেল সাড়ে ৫টার দিকে মোঃ শাহজাহানের বসতবাড়িতে গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস লিকেজের ফলে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এতে ঘরের আসবাবপত্র, প্রয়োজনীয় মালামাল ও নিত্যব্যবহার্য সামগ্রী পুড়ে যায়। একমাত্র বসতঘর হারিয়ে পরিবারটি মানবেতর অবস্থায় পড়ে।
অগ্নিকাণ্ডের বিষয়টি স্থানীয় নেতাকর্মীদের মাধ্যমে রাঙ্গামাটি জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ফারুক আহমেদ সাব্বিরের নজরে এলে তিনি তা দ্রুত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপির কাছে তুলে ধরেন।
খবর পাওয়ার পর প্রতিমন্ত্রী ক্ষতিগ্রস্ত পরিবারটির জন্য তাৎক্ষণিক সহায়তার ব্যবস্থা করেন। তাঁর পক্ষ থেকে নগদ ১০ হাজার টাকা, ঘর মেরামতের জন্য প্রয়োজনীয় ঢেউটিন এবং এক মাসের খাদ্যসামগ্রী প্রদান করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে চাল, ডাল, আলুসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য ছিল।
সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা ছাত্রদলের সদ্য সাবেক সদস্য নাহিদুল আলম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জিন্নাত তালুকদার, পৌর ছাত্রদলের আহ্বায়ক ইউনুস মানিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাবিবুর রহমান, কাচালং সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান তারেক, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহাদাত মোল্লা, কাচালং সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি নুর কবির, সাবেক সদস্য সচিব সরোয়ার গাজীসহ স্থানীয় নেতাকর্মীরা।
এ সময় নেতৃবৃন্দ বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারটির দুর্দশার খবর পেয়ে তারা গভীরভাবে মর্মাহত হয়েছেন। সংকটময় মুহূর্তে প্রতিমন্ত্রীর দ্রুত মানবিক সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারটির জন্য আশীর্বাদস্বরূপ। তারা আশা প্রকাশ করেন, এই সহযোগিতা পরিবারটিকে পুনরায় ঘুরে দাঁড়াতে সহায়তা করবে। একই সঙ্গে সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদেরও অসহায় মানুষের পাশে এগিয়ে আসার আহ্বান জানান।
সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি এবং সহযোগিতায় এগিয়ে আসা সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।




