
মোঃ কামরুল ইসলাম রানা,রাঙ্গামাটি: রাঙ্গামাটি শহরের কলেজগেট বাজার এলাকায় পৌরসভার স্থাপিত ডাস্টবিন থাকার পরও অসচেতনভাবে রাস্তার পাশে ময়লা-আবর্জনা ফেলার ঘটনা এখন নিত্যদিনের দৃশ্য। কলেজের সামনে রাস্তার ধারে স্তুপাকারে জমে থাকা নোংরা-আবর্জনা থেকে বের হওয়া তীব্র দুর্গন্ধে কলেজের ছাত্র-ছাত্রীসহ সাধারণ পথচারীরা মারাত্মক ভোগান্তিতে পড়ছেন।
স্থানীয়দের অভিযোগ, নির্দিষ্ট ডাস্টবিন ব্যবহারের পরিবর্তে ব্যবসায়ী ও কিছু অসচেতন ব্যক্তি ইচ্ছেমতো রাস্তার ধারে ময়লা ফেলছেন। এতে শুধু দুর্গন্ধ নয়,আশেপাশের পরিবেশও মারাত্মকভাবে দূষিত হচ্ছে। পচা খাবার, প্লাস্টিক, পলিথিন ও নানান বর্জ্যের স্তুপে সৃষ্টি হচ্ছে মশা-মাছির উপদ্রব, যা জনস্বাস্থ্যের জন্যও হুমকি।
পৌরসভার ২০২৪-২৫ অর্থবছরে ‘ডাস্টবিন নির্মাণ’ প্রকল্পের ব্যানার কলেজগেট এলাকায় সগর্বে শোভা পাচ্ছে। কিন্তু সেই ডাস্টবিন প্রায় অব্যবহৃত থেকে রাস্তার পাশেই আবর্জনা জমে থাকা প্রশাসনিক উদাসীনতার পরিচয় দিচ্ছে। এলাকাবাসীর দাবি পৌর কর্তৃপক্ষকে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নিতে হবে এবং বাজার কমিটিকে কড়া নজরদারি চালাতে হবে, যাতে সবাই ডাস্টবিন ব্যবহার করতে বাধ্য হয়।
কলেজগেট বাজার সমিতির প্রতি আহ্বান, তারা যেন দ্রুত উদ্যোগ নেয় এবং ব্যবসায়ী ও স্থানীয়দের সচেতন করে। পাশাপাশি পৌর কর্তৃপক্ষের প্রতি জোর দাবি—রাস্তার ধারে ময়লা ফেললে জরিমানা ও শাস্তির ব্যবস্থা কার্যকর করতে হবে। অন্যথায় এই দুরবস্থা আরও প্রকট হবে এবং এলাকাবাসীর স্বাস্থ্য ঝুঁকি চরমে পৌঁছাবে।




