প্রবাসশিরোনাম

করোনা স্বাভাবিক হলে খুলবে মালয়েশিয়ার বাজার

বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়ার শ্রমবাজার শিগগির খুলতে পারে বলে আশ্বাস দিয়েছে দেশটির সরকার। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে এ কার্যক্রম শুরু হতে পারে বলে জানায় তারা।
বৃহস্পতিবার অনলাইনে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ এবং মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী দাতুক সেরি এম সারাভানান এর মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে এমন আশ্বাস পাওয়া গেছে।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়।
বৈঠকে শ্রমবাজার উন্মুক্তকরণের পাশাপাশি, কর্মী নিয়োগে অনলাইন ব্যবস্থা চালু, রিক্রুটিং এজেন্টের সম্পৃক্ততা, করোনা পরিস্থিতিতে আটকে পড়া বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়ায় পাঠানোসহ নানা বিষয়ে আলোচনা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সুষ্ঠু শ্রমবাজারের স্বার্থে বাংলাদেশের সব বৈধ রিক্রুটিং এজেন্সির তালিকা মালয়েশিয়ায় পাঠানো হবে। পরে দেশটির সরকার তালিকা থেকে নির্দিষ্টসংখ্যক এজেন্সি নির্বাচন করবে। নিয়োগ প্রক্রিয়ায় সরকারের ডেটাবেইস থেকে কর্মী সংগ্রহ, ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ন্যায্য সার্ভিস মূল্য প্রদানসহ পুরো প্রক্রিয়া মনিটরিং করা হবে সমন্বিত অনলাইন পদ্ধতির মাধ্যমে। কর্মী নিয়োগ প্রক্রিয়ায় দুই দেশের পক্ষ থেকে মনিটরিং কার্যক্রম জোরদারের বিষয়ে একমত হয়েছে উভয় পক্ষ।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের রিক্রুটমেন্ট ও সংশ্লিষ্ট কার্যক্রম বিষয়ে শিগগিরই উভয় দেশের মধ্যে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ মিটিং অনুষ্ঠিত হবে। কোভিড-১৯ পরিস্থিতিতে আটকে পড়া বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়ায় ফেরত পাঠানোর লক্ষ্যে কার্যক্রম গ্রহণের বিষয়টি সভায় আলোচনা করা হয়। প্রবাসীকল্যাণ মন্ত্রী মালয়েশিয়ায় অনিয়মিতভাবে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের নিয়মিতকরণের বিষয়ে সে দেশের মানবসম্পদ মন্ত্রীর সহযোগিতা কামনা করেন।
বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার মো. শহিদুল ইসলাম, বিএমইটি’র মহাপরিচালক মো. শামসুল আলম, অতিরিক্ত সচিব বশির আহমেদ এবং কাউন্সেলর (শ্রম) মোহাম্মদ জহিরুল ইসলাম অংশগ্রহণ করেন।
মালয়েশিয়ার পক্ষে সে দেশের মানবসম্পদ মন্ত্রণালয়ের সেক্রেটারি জেনারেল দাতুক জামিল বিন রাকন, ডেপুটি সেক্রেটারি জেনারেল এ. মানিয়াম, পলিসি বিভাগের আন্ডার-সেক্রেটারি ড. নুর মাজনি বিনতি আবদুল মাজিদ, ইন্টারন্যাশনাল ডিভিশনের আন্ডার-সেক্রেটারি ড. জাকি বিন জাকারিয়া বৈঠকে অংশ নেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button