
মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের হরিরামপুরে শিরীন আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়ে নজিরবিহীন ও হতাশাজনক চিত্র সামনে এসেছে।
সদ্য প্রকাশিত এসএসসি ও সমমানের ফলাফলে দেখা গেছে, বিদ্যালয়টি থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৫ জন শিক্ষার্থীর মধ্যে ৪ জনই অকৃতকার্য হয়েছেন। ফলে শতভাগ অকৃতকার্য নিয়ে প্রতিষ্ঠানটির পাসের হার দাঁড়িয়েছে শূন্যে।
জানা যায়, চলতি বছরের এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে মাত্র পাঁচজন শিক্ষার্থী অংশ নিয়েছিলেন। সোমবার পরীক্ষার ফল প্রকাশ হলে জানা যায়, ৫ জনের মধ্যে ৪ জনই কৃতকার্য হতে পারেননি।
এদিকে, মাত্র পাঁচজন পরীক্ষার্থীর বিপরীতে বিদ্যালয়ে ৬ জন শিক্ষক কর্মরত থাকা নিয়ে ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেছেন স্থানীয় অভিভাবক ও সচেতন মহল। শিক্ষক সংখ্যা বেশি হওয়া সত্ত্বেও এমন বিপর্যয়কর ফলাফল বিদ্যালয়ের শিক্ষার মান, শ্রেণিকক্ষের পাঠদান এবং শিক্ষার্থীদের উপস্থিতি নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলেছে।
স্থানীয়দের মতে, দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ যত্ন ও নজরদারির অভাবেই এই বিপর্যয় ঘটেছে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আলী জানান, ফলাফল উন্নত করতে খুব দ্রুত অভিভাবকদের নিয়ে একটি সমাবেশের আয়োজন করা হবে।
ফলাফলের এই করুণ হাল নিয়ে কড়া অবস্থান নিয়েছে প্রশাসন।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু হানিফা জানান, বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। দ্রুতই বিদ্যালয়টি পরিদর্শন করা হবে এবং এমন লজ্জাজনক ফলাফলের ব্যাখ্যা চেয়ে বিদ্যালয় কর্তৃপক্ষকে শোকজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।




