আন্তর্জাতিক সংবাদশিরোনাম

করোনাভাইরাস আতঙ্কে যেসব দেশে বন্ধ জুমার নামাজ

বিশ্বজুড়ে করোনাভাইরাসের প্রকোপ প্রভাব ফেলেছে মুসলিমদের ধর্মীয় কার্যক্রমেও। ছোঁয়াচে হওয়ায় এই ভাইরাস মসজিদে গিয়ে নামাজ পড়ার জন্য বাধা হয়ে দাঁড়িয়েছে।
যুক্তরাষ্ট্রের জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের গবেষণা জানাচ্ছে, চীনে বাইরে অন্তত ৯০টি দেশ ও অঞ্চলে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। এর মধ্যে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ইরান। দেশটিতে মারা গেছে ১০৭ জন ব্যক্তি।
এখন পর্যন্ত ৯৮ হাজারেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। যার অধিকাংশই চীনের বাসিন্দা। এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৩ হাজার ৩৮৩ জন। যাদের মধ্যে ২৭০ জনের বেশি মারা গেছে চীনের বাইরে।
আলজাজিরা ও বিবিসি জানায়, ইরান থেকে মধ্যপ্রাচ্য জুড়ে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। আক্রান্ত হয়েছে আফগানিস্তান, লেবানন, পাকিস্তান, কুয়েত, বাহরাইন, ইরাক, ওমান, কাতার, সংযুক্ত আরব আমিরাতে, সৌদি আরবসহ আরও কয়েকটি দেশে।
করোনায় আক্রান্ত ইরানের উচ্চপদস্থ কর্মকর্তা, এমপি, মন্ত্রীদের অনেকেই। মারা গেছে দেশটির শীর্ষ নেতা আলী খামেনির উপদেষ্টা কাউন্সিলের একজন গুরুত্বপূর্ণ সদস্যও।
ভাইরাসটির সংক্রমণের শুরু থেকেই সব ধরনের ভিড় ও জমায়েত এড়িয়ে চলার নির্দেশনা দেয়া হয়েছে। এমন পরিস্থিতিতে ইরানে সব প্রাদেশিক রাজধানীতে শুক্রবারের জুমার নামাজ স্থগিত করা হয়েছে।
তাজিকিস্তানে ঘরেই নামাজ পড়ার পরামর্শ দেয়া হয়েছে। সেখানেও শুক্রবারের জুমার নামাজ বাতিল করা হয়েছে। ৯০ লাখ মানুষের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটি প্রতিবেশী চীন আফগানিস্তানের সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়েছে। পাশাপাশি দক্ষিণ কোরিয়া, ইরান ও ইতালির সঙ্গে সব ধরনের যোগাযোগ সীমিত করা হয়েছে।
এদিকে ১০ মিনিটের মধ্যে জুমার নামাজ শেষ করতে আরব আমিরাতের সব মসজিদে নির্দেশ দেয়া হয়েছে। ইসলাম বিষয়ক দেশটির কর্তৃপক্ষ মসজিদের সব ইমামকে নির্দেশ দেয় যে, পবিত্র কোরআন থেকে মাত্র দুইটি আয়াত পড়েই নামাজ সম্পন্ন করতে হবে।
নির্দেশনায় বলা হয়, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সিঙ্গাপুরে মসজিদে নামাজ পড়তে আসার সময় নিজস্ব জায়নামাজ নিয়ে আসার নির্দেশনা দেয়া হয়েছে। দেশটির মুসলিম বিষয়ক দায়িত্বে থাকা মন্ত্রী মাসাগোস জুলকিফলি বিষয়টি নিশ্চিত করেছেন। এ ছাড়া করমর্দন থেকেও বিরত থাকার পরামর্শ দেন তিনি।
এদিকে সৌদি আরবে মক্কায় ওমরাহ হজ পুরোপুরি বন্ধ করে দেয়া হয়েছে। শুরুতে বিদেশি নাগরিক ও পরবর্তীতে স্থানীয় বাসিন্দাদের জন্যও ওমরাহ বাতিল করে সৌদি কর্তৃপক্ষ। এ ছাড়া বন্ধ করে দেয়া হয়েছে মদিনায় মসজিদে নববীতে পরিদর্শনও।
হজের পর ওমরাহ মুসলমানদের গুরুত্বপূর্ণ একটি ধর্মীয় কাজ। যদিও হজের অনেক অনুষঙ্গ এখানে রয়েছে, তবে এটি কিছুটা সংক্ষিপ্ত হয়ে থাকে। বছরের নির্দিষ্ট দিনে হজ অনুষ্ঠিত হলেও ওমরাহ করা যায় সারা বছর।
মক্কা এবং মদিনা হচ্ছে ইসলামের অনুসারীদের কাছে সবচেয়ে পবিত্র দুটি স্থান। ইসলামের প্রধান নবী মুহাম্মদ (সা.)-এর জন্ম মক্কা নগরীতে। আর মদিনা শহরে তার রওজা বা সমাধি। ফলে মুসলিমরা মদিনায়ও ভ্রমণ করে থাকেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button