আন্তর্জাতিক সংবাদশিরোনাম

করোনাকে ঘিরে মুসলিমবিরোধী হামলা হয়েছে : আন্তোনিও গুতেরেস

জাতিসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস শুক্রবার বলেন, করোনার কারণে ‘ঘৃণা ও বিদেশিদের ভয় পাওয়া, কাউকে বলির পাঁঠা বানানো এবং আতঙ্ক ও গুজব ছড়ানোর সুনামি’ বয়ে চলছে। বিশ্বব্যাপী ‘হেটস্পিচ’ বন্ধ করতে সর্বাত্মক চেষ্টারও আহ্বান জানান তিনি।
এক বিবৃতিতে গুতেরেস বলেন,‘অনলাইনে ও রাস্তায় বিদেশিবিরোধী দৃষ্টিভঙ্গি বেড়েছে, ইহুদিবিরোধী ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়ে পড়েছে, এবং কোভিড-১৯ সম্পর্কিত মুসলিমবিরোধী হামলার ঘটনা ঘটেছে।’
জাতিসঙ্ঘের মহাসচিব বলেন, অভিবাসী ও শরণার্থীদের ‘ভাইরাসের সূত্র হিসেবে অপবাদ দেয়া হয়েছে’ এবং তারপর তাদের চিকিৎসা দেয়া হয়নি।
‘সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন বয়স্করা। তাদের মেরে ফেলা যেতে পারে এমন নিন্দনীয় মিমও দেখা গেছে,’ বলে জানান তিনি।
‘আর সাংবাদিক, হুইসেল ব্লোয়ার, স্বাস্থ্যকর্মী, ত্রাণ ও মানবাধিকার কর্মীরা তাদের কাজ করছেন বলে তাদেরও টার্গেট বানানো হচ্ছে,’ বলেন জাতিসঙ্ঘের মহাসচিব। তিনি সব মানুষের প্রতি সংহতি দেখাতে রাজনৈতিক নেতাদের প্রতি আহ্বান জানান।
এছাড়া বর্ণবাদী, নারী বিদ্বেষসহ অন্যান্য ক্ষতিকর কন্টেন্ট সরিয়ে ফেলতে গণমাধ্যম, বিশেষ করে সামাজিক মাধ্যমের প্রতি আহ্বান জানান জাতিসঙ্ঘের মহাসচিব। আরো বেশিসংখ্যক অসহায় মানুষদের পাশে দাঁড়াতে সুশীল সমাজের সদস্যদেরও অনুরোধ করেন তিনি। আর ‘পরস্পরের প্রতি শ্রদ্ধার মডেল’ হতে ধর্মীয় নেতাদের প্রতি আহ্বান জানান গুতেরেস।
‘আমি আপনাদের যে যেখানে আছেন সবাইকে ঘৃণার বিরুদ্ধে দাঁড়াতে, একজন আরেকজনকে সম্মান দেখাতে এবং দয়া ছড়ানোর সব সুযোগ গ্রহণ করার আহ্বান জানাচ্ছি,’ বলেন জাতিসঙ্ঘের মহাসচিব।
তিনি বলেন, কোভিড-১৯ ‘আমরা কে, কোথায় থাকি, কী বিশ্বাস করি কিংবা অন্য কোনো বৈশিষ্টের’ পরোয়া করে না। সূত্র : ডয়চে ভেলে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button