ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ডাক পেলেন ওমর আকমল

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টি-২০ সিরিজে পাকিস্তান দলে পুনরায় ডাক পেলেন মিল অর্ডার ব্যাটসম্যান ওমর আকমল। শৃংখলাজনিত কারণে দল থেকে বাদ পড়ার পাঁচ মাস পর পুনরায় ডাক পেলেন আক্রমণাত্মক এ ব্যাটসম্যান।
একজন মেধাবী ব্যাটসম্যান হওয়া সত্ত্বেও মাঠের ভিতরে বাইরে বিভিন্ন কর্মকাণ্ডে সমালোচিত হয়ে আসছেন ওমর। সর্বশেষ গত বছর রাস্তায় ট্রাফিক পুলিশের সঙ্গেও বিবাদে জড়িয়ে পড়েন তিনি।
চলতি বছর ভারতে অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপের পর তৎকালীন প্রধান কোচ ওয়াকার ইউনিসের রিপোর্টের পর দল থেকে বাদ পড়েন তিনি। টুর্নামেন্টের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হয়েছিল পাকিস্তানকে।
চলমান পাকিস্তানের ঘরোয়া ন্যাশনাল টি-২০ কাপে ধারাবাহিক পারফরমেন্সের সুবাদে পুনরায় দলে জায়গা নিশ্চিত করেছেন তিনি।
ওমর ডাক পেলেও একই অভিযোগে বাদ পড়া ওপেনার আহমেদ শেহজাদ ফিরতে পারেননি। কাফ ও হাঁটুর ইনজুরির কারণে ইংল্যান্ড সফরের মাঝ পথে দেশে ফেরা আরেক ওপেনার মোহাম্মদ হাফিজও দল থেকে বাদ পড়েছেন।
পুনরায় দলে ফিরেছেন অলরউন্ডার সাদ নাসিম ও পেসার রুম্মন রইস। ইতোপূর্বে দু’বার পাকিস্তান টি-২০ দলে ডাক পেয়েছিলেন বাঁ-হাতি পেসার রইস। কিন্তু প্রতিবারই ইনজুরির কারণে তাকে নাম প্রত্যাহার করে নিতে হয়েছে।
গত বুধবার ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিপক্ষে ৯ উইকেটের জয় দিয়ে অধিনায়ক হিসেবে অভিষেক ঘটানো উইকেটরক্ষক সরফরাজ আহমেদ যথারীতি দলের নেতৃত্ব দেবেন।
চলতি মাসের শেষ সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে পাকিস্তান। ২৩ ও ২৪ সেপ্টম্বর দুবাইতে অনুষ্ঠিত হবে প্রথম দুই ম্যাচ। শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে ২৭ সেপ্টম্বর আবুধাবিতে।
সফরে সংযুক্ত আরব আমিরাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টেস্ট ম্যাচও খেলবে পাকিস্তান। টেস্ট ও ওয়ানডে দল পরে ঘোষণা করা হবে।
পাকিস্তান দল : সরফরাজ আহমেদ (অধিনায়ক), খালেদ লতিফ, শোয়েব মালিক, মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম, মোহাম্মদ নাওয়াজ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজ, সোহেল তানভীর, হাসান আলী, রুম্মন রইস, ওমর আকমল ও সাদ নাসিম।




