ওজন কমাতে স্মার্টফোন যেভাবে বাধা

স্মার্টফোন ছাড়া এক মুহূর্তও চলে না আপনার। শুতে, খেতে, হাঁটতে, বসতে, ঘুরতে গিয়ে স্মার্টফোন ছাড়া ভাবতেই পারেন না।
অতিরিক্ত স্মার্টফোন ব্যবহারে নানা শারীরিক ক্ষতি তো আছে, এমনকি এটি দেহের ওজন কমাতেও বাধা হিসেবে কাজ করে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বিষয়টি জেনে নিই।
এই সময় স্মার্টফোন থেকে দূরে থাকা অত্যন্ত কঠিন আমাদের পক্ষে। কী নোটিফিকেশন এল, পোস্টে কয়টি রিয়েক্ট পড়ল-এই চিন্তা আমাদের পিছু ছাড়ে না। মোবাইল ফোন নিয়ে বেশি ঘাঁটাঘাঁটি আমাদের স্ট্রেস হরমোন বাড়িয়ে দেয়। এই স্ট্রেস হরমোন কিন্তু ওজন বাড়ানোর ক্ষেত্রে অন্যতম সহায়ক।
এ ছাড়া ফোন হাতে হাঁটতে বের হলে আপনার চোখ বারবার চলে যাবে সেটির স্ক্রিনের দিকে। ফলে আপনার হাঁটার বেগও অনেকটাই কমে যাবে। যথেষ্ট জোরে না হাঁটলে ওজন কমার কোনো সম্ভাবনা নেই।
খাওয়ার টেবিলে বসে ফোনের স্ক্রিন স্ক্রল করতে থাকলে স্বাভাবিকভাবেই খাওয়ার দিকে মনোযোগ দিতে ভুলে যান। ফোন নিয়ে ব্যস্ত থাকায় কোন খাবার কতটুকু খাচ্ছেন বা অতিরিক্ত খেয়ে ফেলছেন কি না সেদিকেও বেখেয়ালি হয়ে পড়েন। খাওয়ার দিকে মন না থাকায় আপনার পেট ভরে গিয়েছে, তাও আপনি সঠিকভাবে বুঝতে পারবেন না। ফলে ডায়েটে হেরফের হওয়ার আশঙ্কা বাড়ে।
বেশি রাত পর্যন্ত ফোন ঘাঁটাঘাঁটির অভ্যাস কমবেশি আমাদের সবারই রয়েছে। স্ক্রিনের দিকে চোখ রাখতে গিয়ে রাতে ঘুম ঠিকমতো হয় না। আর ঘুম ঠিক না হলে কিন্তু স্ট্রেস হরমোন নিঃসরণ হয়ে ওজন বাড়বে। রাতে ঠিকমতো ঘুমোতে না পারলে সকালে উঠে ওয়ার্ক আউটও ঠিকঠাক করা যায় না।




