এভাবে ভাঙলো ফরাসী এ্যাথলেটের পা!

দিনের পর দিন যে স্বপ্ন বুনেছেন, তা এক মুহূর্তেই ভেঙে খান খান হল ফরাসী এ্যাথলেট সামির আত সাঈদের। শনিবার প্রিলিমিনারি রাউন্ডেই পায়ে মারাত্মক জখম নিয়ে ছাড়লেন অলিম্পিকের আসর।
বাম পায়ের হাড় ভেঙে গেছে এই জিমন্যাস্টের। সেটা এতটাই মারাত্মক ছিল যে, উপস্থিত দর্শকরা তার হাড় ভাঙার শব্দ পর্যন্ত পেয়েছেন।
শনিবার পুরুষ বাছাইয়ে খেলতে নামেন সামির। নিজের শরীরের ভারসাম্য রাখতে পারতে পারেননি ফরাসি জিমন্যান্ট। গোটা দেহের ভর বইতে হয়েছে এক পায়ে, তাও আবার অনেকটা বাঁকিয়ে। শেষ পর্যন্ত সামিরের বাম পাটা ভেঙে যায়। হাড় এমনভাবে ভেঙেছে যে সোজা পাটা এখন চামড়া খসালে হাঁটুর নিচের অংশটা দুই ভাগে ভাগ করা যাবে!

দুর্ঘটনা ঘটার পর মাথায় হাত দিয়ে শুয়ে পড়েন সামির। বুঝতে হয়তো বাকি নেই জিমন্যাশিয়ামে তার ভবিষ্যৎ খুব একটা ভালো না। এক হাত কপালে, আরেক হাত দিয়ে ভাঙা পাটা ধরে রাখছেন। স্ট্রেচারে করে বাইরে নিয়ে যেতে হয়েছে। কিছুই করার ছিল না তার।
২০১০ সাল থেকে এ পর্যন্ত ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের এই ইভেন্টে স্বর্ণ, রৌপ্য ও বোঞ্জ পদক সবই জিতেছিলেন সামির। স্বপ্নের আসর অলিম্পিকে স্বর্ণ পদকের জন্য লড়াই করছিলেন তিনি। স্বপ্ন হয়তো স্বপ্নই থেকে যাবে। কেননা পা ভেঙে যাওয়ায় ফ্রান্সের হয়ে আর প্রতিনিধিত্ব করতে পারবেন কি না ২৬ বছর বয়সী এই অ্যাথলেট, তা নিয়ে রয়েছে চরম অনিশ্চয়তা।




