এবার বাটলার হলে কোনো উৎসব হবে না

বাংলাদেশ- ইংল্যান্ড সিরিজে জস বাটলারের আউট নিয়ে আলোচনা- সমালোচনা থামছেই না। উল্টো একের পর এক নতুন আলোচনা যোগ হচ্ছে। সোশ্যাল মিডিয়াতে সর্বশেষ যে আলোচনা এলো তা হলো- এবার বাটলারকে আউট করা গেলে কোনো উৎসব হবে না; বরং সবাই মুখের উপর আঙুল রেখে চুপ থাকবে!
বাংলাদেশি একটি বেসরকারি টিভি চ্যানেলের অনলাইনে এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশতি হয়েছে। তাতে বলা হয়েছে, সোশ্যাল মিডিয়ার ক্রিকেট সমর্থকরা অফলাইনেও ছড়িয়ে দিচ্ছেন এমন প্রস্তাব। ফলে চট্টগ্রামে ইংলিশ অধিনায়ক জস বাটলারকে আউট করার পর যদি পুরো স্টেডিয়ামে নেমে আসে নীরবতা, তবে অবাক হওয়ার কিছুই থাকবে না।
সিরিজের দ্বিতীয় ম্যাচে বাটলারের আউটটা প্রথমে দেননি আম্পায়ার। তিনি ৫৭ রান নিয়ে ব্যাট করছিলেন সে সময়। তাসকিনের বলে আম্পায়ারের এলবিডব্লিউ নাকচের সিদ্ধান্ত পছন্দ না হওয়ায় মাশরাফি রিভিউ করেন। পরে থার্ড আম্পায়ার রিভিউ দেখে আউট দেন বাটলারকে।
তখনই মূলত বাংলাদেশের জয় হয়ে দাঁড়ায় সময়ের ব্যাপার। বড় পর্দায় ‘আউট’ লেখা দেখেই উল্লাসে ফেটে পড়ে বাংলাদেশ দল। ওই রকম উল্লাস সাধারণত করতে দেখা যায় না মাশরাফিদের। কিন্তু উল্লাসটা পছন্দ হয়নি বাটলারের। তিনি তেড়ে আসেন ফিল্ডারদের দিকে।
বাংলাদেশের ফিল্ডাররাও একচোট কিছু বলে দেন তাকে। এ ঘটনায় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল মাশরাফি ও সাব্বিরকে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করে এবং বাটলারকে মৌখিকভাবে তিরস্কার করে। বাংলাদেশি ক্রিকেটভক্তদের প্রশ্ন, ঘটনায় সমানভাবে জড়িয়েও বাটলারের শাস্তি কম কেনো? এ কারণেই মূলত তাকে অন্যভাবে জবাব দেয়ার পরিকল্পনা করা হচ্ছে।
আসলেই যদি বাটলারকে আউট করার পর নীরব হয়ে যায় চট্টগ্রামের গ্যালারি, মনে মনে কী ভাববেন বাটলার? তার কি মন হবে যে, এরা তো বড্ড সৃষ্টিশীল!



