উপমহাদেশশিরোনাম

এক যুগ আগে ‘খুন’ হওয়া নারী করছেন সংসার

বারো বছর আগে নাকি খুন করা হয়েছিল তাকে। সেই অপরাধে জেলও হয়েছে ছয়জনের। কিন্তু এক যুগ পর সেই ‘খুন’ হওয়া নারীরই খোঁজ পাওয়া গেল। তিনি দিব্বি বেঁচে আছেন এবং বিয়ে করে রীতিমত সংসার করছেন।
অবাক করা এই ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের জালাউন জেলায়। ২০০৮ সালে তখন ওই নারীর বয়স ছিল ১৪ বছর। আচমকাই এক দিন নিখোঁজ হয়ে যান তিনি। কোতওয়ালি পুলিশ স্টেশনে তার নামে নিখোঁজ ডায়েরি দায়ের করা হয়। এর কয়েকদিন পরে কানপুর জেলার ঘাটমপুর এলাকা থেকে এক অজ্ঞাতপরিচয় কিশোরীর লাশ উদ্ধার হয়। এটি তার মেয়েরই লাশ বলে শনাক্ত করেন নিখোঁজ মেয়েটির মা।
ছয় ব্যক্তির বিরুদ্ধে তার মেয়েকে অপহরণ করে খুন করার অভিযোগ দায়ের করেন তিনি। এমনকি স্থানীয় পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। তার অভিযোগের ভিত্তিতে এই মামলা স্থানীয় পুলিশের থেকে সিবিসিআইডি’র কাছে স্থানান্তরিত হয়। অভিযুক্ত ছয় ব্যক্তিকে জেলে পাঠানো হয়। বিচার চলাকালীন মৃত্যু হয় একজনের। বাকিদের জামিনে মুক্তি দেয়া হয়।
এই ঘটনার এত বছর পর হঠাৎই এই মামলা উল্লেখযোগ্য মোড় নেয়। উত্তরপ্রদেশের আলিগড় খোঁজ পাওয়া যায় মেয়েটির। ১২ বছর আগে হারিয়ে যাওয়া ১৪ বছরের কিশোরীর বয়স এখন ২৬ বছর। আলিগড়েই বিয়ে করে সংসার করছেন তিনি।
এক স্থানীয় রাজনীতিবিদের অভিযোগের ভিত্তিতে মেয়েটিকে খুঁজে বের করে জালাউনের পুলিশ।
ওই নারীকে কালপি নিয়ে যাওয়া হয়েছে। এতদিন তিনি কোথায় ছিলেন এবং কেন বাড়ি ফিরে আসেননি, সেই বিষয়ে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। আদালতে খুব শিগগিই হাজিরা দিতে হবে তাকে। সেখানে তার বক্তব্য রেকর্ড করা হবে। অভিযুক্ত ছয়জনের ওপর থেকে খুনের অভিযোগ তুলে নেয়া হবে এবং এই মামলার প্রেক্ষিতে তাদের ক্লিনচিট দেয়া হবে বলে জানিয়েছেন জালাউনের পুলিশ সুপার যশভীর সিং।
এদিকে, উত্তরপ্রদেশের কানপুর দেহাত জেলার গাজনের থানা এলাকার খানপান্না গ্রামে জনসমক্ষে কুঠার দিয়ে কুপিয়ে নিজের ১৮ বছরের মেয়েকে খুন করেছে তার বাবা। বুধবার এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
মঙ্গলবার রাতে বাড়ি থেকে পালিয়ে ছেলেবন্ধুর বাড়িতে গিয়ে ওঠে ওই তরুণী। গ্রামেই একটি দোকান চালায় ওই ছেলেটি। সে ও তার বাবা মেয়েটির বাবাকে খবর দেয়। এতেই তেলে-বেগুনে জ্বলে উঠে হাতে একটা কুঠার নিয়ে বেরিয়ে পড়েন তরুণীর বাবা। মেয়ে বাড়ি ফিরতে না চাইলে সবার সামনেই কুঠার দিয়ে কোপ দিয়ে মেয়েকে মেরে ফেলেন তিনি।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button