এক ছবিতে বাংলাদেশ ক্রিকেটের পাঁচ তারা

সর্বডানে দাঁড়িয়ে হাসছেন মাহমুদুল্লাহ রিয়াদ। ছবিটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা তারই তোলা সেলফি। রিয়াদের বাঁয়ে মুশফিকুর রহিম। এরপর একে একে আছেন মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল ও সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেটের এই পাঁচ তারার এমন একটা অমূল্য ছবি দেখা গেলো ফেসবুকে।
বাংলাদেশ সময় আজ বেলা সাড়ে বারোটার দিকে মাহমুদুল্লাহর ফেসবুক পাতায় ছবিটি শেয়ার করা হয়। ছবিটির সঙ্গে ক্যাপশন লিখে দেয়া হয়েছে, ‘চিলিং অ্যাট রুয়াকাকা বিচ।’
এই রুয়াকাকা বিচের অবস্থান নিউজিল্যান্ডে। কিউইদের সঙ্গে দীর্ঘ এক সিরিজ খেলতে রিয়াদরা আপাতত অবস্থান করছেন সেখানেই। ২৬ তারিখ থেকে মাঠে গড়াবে সিরিজ। তার আগে অস্ট্রেলিয়াতে এক সপ্তাহের ক্যাম্প করে গেছেন ক্রিকেটাররা। উদ্দেশ্য ছিলো নিউজিল্যান্ডের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়া। প্রতিবেশ দেশ হওয়ায় অস্ট্রেলিয়ার কন্ডিশন নিউজিল্যান্ডের চেয়ে খুব বেশি আলাদা নয়।
রুয়াকাকা বিচে মাহমুদুল্লাহদের ছবিটা দেখেই বোঝা যাচ্ছে, বেশ খোশ মেজাজেই আছেন তারা। যা বাংলাদেশ ক্রিকেটের জন্য দারুণ আশা জাগানিয়া এক ব্যাপার। কারণ এই পাঁচজনই গত এক দশক ধরে টেনে তুলছেন বাংলাদেশকে। এদের মধ্যে মাশরাফি অবশ্য আরো আগে থেকেই জাতীয় দলের তারকা।
এই পাঁচজনের খোশ মেজাজে থাকা মানেই পুরো দলের মধ্যে তা সঞ্চারিত হওয়া। ভালো খেলার জন্য এবং প্রতিপক্ষকে ভড়কে দেয়ার প্রথম শর্তই তো এই খোশ- মেজাজ! রুয়াকাকা বিচে তাই মাশরাফিরা যতো বেশি খোশ মেজাজে থাকবেন, কঠিন সিরিজের আগে বাংলাদেশ থাকতে ততোই নির্ভার।
নিউজিল্যান্ডের সঙ্গে সর্বশেষ খেলাগুলোতে বাংলাদেশ অবশ্য দুর্দান্ত ছিলো। কিন্তু এবার প্রেক্ষাপট ভিন্ন। খেলতে হবে তাদের ডেরায় গিয়ে। আধুনিক ক্রিকেটে হোম গ্রাউন্ডে কোনো দলই সহজ প্রতিপক্ষ নয়। নিউজিল্যান্ড তো আরো বেশি করে নয়। এ ছাড়া উপমহাদেশের দল বলে সেখানকার কন্ডিশনও হয়ে থাকবে বাংলাদেশের অদৃশ্য প্রতিপক্ষ। অর্থাৎ কেন উইলিয়ামসনদের বিপক্ষে নয়, বাংলাদেশকে লড়তে হবে সেখানকার কন্ডিশনের বিরুদ্ধেও।
এই চ্যালেঞ্জ মোকাবেলার আগে সাকিব-মুশফিকদের হাসিমুখ নিঃসন্দেহে বড় স্বপ্নই দেখাবে বাংলাদেশি সমর্থকদের। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্ট এবং দুই টেস্টের পুরো সিরিজ থেকে অন্তত দুটি শিরোপা তো বোধহয় এখনই আশা করছেন সমর্থকরা! মাশরাফি- মুশফিকরা কি পারবেন হাসিমুখটা ধরে রেখে আশাটা পূরণ করতে?




