ক্যারিবীয়দের পেসেই জবাব দিলেন ইশান্ত-শামিরা
ক্যারিবীয় পেসারদের তোপের পাল্টা জবাব দিলেন ইশান্ত শর্মা। জাসপ্রীত বুমরাহ ও মোহাম্মদ শামিরাও করেছেন আগুনে বোলিং। তাদের তোপে অ্যান্টিগা টেস্টের দ্বিতীয় দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৮ উইকেটে মাত্র ১৮৯ রান।
এর আগে নিজেদের প্রথম ইনিংসে ২৯৭ রানে অলআউট হয় ভারত। বৃষ্টির বাধায় আগের দিন তারা করতে পারে ৬ উইকেটে ২০৩ রান। ২০ রানে অপরাজিত ঋষভ পন্থ শুক্রবার ফিরে যান মাত্র ৪ রান যোগ করেই। এরপর টেলএন্ডারদের নিয়ে একাকীই লড়ে যান স্পিনিং অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। তার করা ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ ৫৮ রানে তিনশর কাছাকাছি যায় ভারতের সংগ্রহ।
জবাবে ব্যাটিংয়ে নেম ক্যারিবীয় ব্যাটসম্যানরা সবাই সুন্দর শুরু করেও ফিরে গেছেন। তাদের প্রথম সাত ব্যাটসম্যানই দুই অঙ্কে পা দিয়েও ইনিংস বড় করতে পারেননি ভারতীয় পেসারদের তোপে। যাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন ইশান্ত শর্মা। ক্যারিয়ারে নবমবারের মতো পাঁচ উইকেট শিকার করেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে রোস্টন চেজ (৪৮) ছাড়া আর কেউই পার হতে পারেননি চল্লিশের কোটা। এছাড়া শিমরান হেটমায়ার ৩৫ ও শাই হোপ করেন ২৪ রান।




