বিনোদন

এক ছবিতে দুই চোপড়া বোন

আসছে কল্পকাহিনি নিয়ে নির্মিত ছবি ‘ফ্রোজেন টু’। এই বছরের জুনেই মুক্তি পেয়েছে ছবিটির ট্রেইলার। হলিউডের ছবি ‘ফ্রোজেন’-এর ব্যাপক জনপ্রিয়তার কথা বিবেচনা করেই এর হিন্দি সংস্করণ ‘ফ্রোজেন টু’ নির্মিত হতে যাচ্ছে। এতে থাকছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও পরিণীতি চোপড়া।
ভারতীয় দৈনিক সংবাদ প্রতিদিনের প্রতিবেদনে জানা যায়, ‘ফ্রোজেন’ ভারতেও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। আর এর হিন্দি সংস্করণ দ্রুতই উঠতে যাচ্ছে বড়পর্দায়।
এরই মধ্যে এই ছবিতে কণ্ঠ দিতে ডিজনি ইন্ডিয়ার সঙ্গে চুক্তি সেরেছেন দুই বোন প্রিয়াঙ্কা ও পরিণীতি চোপড়া। ছবির কেন্দ্রীয় চরিত্র এলসার চরিত্রে কণ্ঠ দেবেন প্রিয়াঙ্কা। অন্যদিকে পরিণীতি এলসার বোন আনার চরিত্রে কণ্ঠ দেবেন। এবারই প্রথম দুই বোন একসঙ্গে কোনো ছবিতে কাজ করছেন। আর এ নিয়ে ভীষণ আনন্দিত দুজনেই।
এই ব্যাপারে প্রিয়াঙ্কা বলেন, “এর আগে আমরা একসঙ্গে কাজ করিনি। আমার কাছে মনে হয়েছে ‘ফ্রোজেন’-এর সংস্করণই আমাদের জন্য উপযুক্ত। এমন একটি সুযোগ হাতছাড়া করার প্রশ্নই আসে না। এমন উঁচুমানের একটি কাজে একসঙ্গে দুই বোনের কাজ করার কথা সারাজীবন মনে থাকবে।”
প্রিয়াঙ্কা আরো বলেন, ‘এলসা মাথা উঁচু করে বাঁচে। তার নিজের মতাদর্শ রয়েছে। আমি এই চরিত্রটির সঙ্গে একাত্ম হয়ে গিয়েছি।’
অন্যদিকে পরিণীতি বলেন, “‘ফ্রোজেন’ আমার খুব প্রিয় ছবি। এ রকম ছবিতে কণ্ঠ দেওয়ার সুযোগ পাব, তা ভাবিইনি।”
দুই বোনের একসঙ্গে কাজ করতে পারার আনন্দও লুকাননি পরিণীতি। সেইসঙ্গে জানালেন, চরিত্রটি বুঝে নিতে তাঁর কোনো অসুবিধা হয়নি। যা-ই হোক, অ্যানিমেশনভিত্তিক ছবিটি আগামী ২২ নভেম্বর মুক্তি পাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button