বিনোদন

একদিনে ১৮ মিলিয়ন!

বামন বাউয়া সিং, মানে শাহরুখ খান যে এখনো রোমান্সের রাজা, ফের তার প্রমাণ দিল তাঁর সদ্য মুক্তি পাওয়া ‘জিরো’ ছবির প্রথম গান ‘মেরে নাম তু’। ইউটিউবে মাত্র ২৪ ঘণ্টায় এ গানটি ১৮ মিলিয়নের বেশি দর্শক দেখেছেন।
বিশ্বব্যাপী দর্শক-শ্রোতার ভালোবাসা পেয়েছে ‘মেরে নাম তু’ গানটি, এর অভিনেতা-অভিনেত্রীসহ ছবির পুরো টিম। বলিউড সুপারস্টার শাহরুখ খানের সঙ্গে আনুশকা শর্মার রোমান্সে মুগ্ধ দর্শক। আর বিখ্যাত সুরকার অজয়-অতুলের হৃদয়গ্রাহী সুর, অভয় যোধপুরকারের স্বপ্নিল কণ্ঠ আর ইরশাদ কামিলের হৃদয়ছোঁয়া কথায় সম্পূর্ণতা পেয়েছে গানটি।
এ মাসের প্রথম দিকে শাহরুখের জন্মদিনে (২ নভেম্বর) জিরোর ট্রেইলার মুক্তি পেয়েছিল। সঙ্গে সঙ্গে তা সামাজিক মাধ্যমে হিট হয়ে যায়।
ট্রেইলারে দেখা গিয়েছিল, আনুশকার প্রেম পেতে মরিয়া শাহরুখকে। আনুশকা একজন বিজ্ঞানী, যিনি শারীরিকভাবে প্রতিবন্ধী, সারাক্ষণ হুইলচেয়ারেই কাটাতে হয়। অন্যদিকে ক্যাটরিনা কাইফ তুমুল মদারু, তিনিও ভালোবাসেন শাহরুখকে। পানপাত্র আর বাউয়া দুটোর প্রতিই তাঁর সমান আসক্তি!
‘মেরে নাম তু’ গানটিও শুরু হয় বাউয়ার সংলাপ দিয়ে, যিনি আরিফা অর্থাৎ আনুশকাকে পটানোর চেষ্টা করছেন। বাউয়া-আরিফার প্রতিটি মুহূর্তই অসাধারণ।
সিনেমার গল্পে দেখা যায়, বামন বাউয়া সিং সেরিব্রাল পালসি রোগে ভোগা বিজ্ঞানী আফিয়া ইউসুফজাইয়ের প্রেমে পড়ে। কিন্তু তার প্রেমকাহিনীতে নতুন মোচড় আসে, যখন সে ফের একজন মদে মত্ত অভিনেত্রী ববিতা কুমারীর প্রেমে পড়ে। পরে ববিতা তাকে অপমান করলে বাউয়া উপলব্ধি করে, সে সব শেষ করে ফেলেছে। এর পর বাউয়া ফের আফিয়াকে পাওয়ার চেষ্টা করে। শেষে কী হয়, তা জানতে ছবিটি দেখতে হবে।
মাত্র দুদিন আগে ‘জিরো’র একটি নতুন পোস্টার প্রকাশ করা হয়। সেখানে দেখা যায়, আনুশকার কপালে চুম্বন এঁকে দিচ্ছেন বলিউড বাদশা। সেই চুম্বনদৃশ্যকে ‘মিষ্টি’ বলেছেন স্বয়ং শাহরুখপত্নী গৌরী খান, তিনি এ ছবির প্রযোজক।
এ ছবিতে বিশেষ দৃশ্যে দেখা যাবে প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী, সালমান খান, কাজল, কারিশমা কাপুর, রানি মুখার্জিসহ অনেককে। দুই সুপারস্টার শাহরুখ ও সালমান খানকে একসঙ্গে নাচতেও দেখা যাবে এতে। আগামী ২১ ডিসেম্বর মুক্তি পাবে ‘জিরো’।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button