ইরানে করোনা সংকট ও মার্কিন নিষেধাজ্ঞা: ক্ষোভ প্রকাশ করল রাশিয়া

ইসলামি প্রজাতন্ত্র ইরানের উপর থেকে অবৈধ মার্কিন নিষেধাজ্ঞাসহ সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করার জন্য আহ্বান জানিয়েছে রাশিয়া। একইসঙ্গে মস্কো বলেছে, ইরানের উপর নিষেধাজ্ঞা বহাল থাকার কারণে দেশটিতে করোনাভাইরাসের মহামারী মারাত্মক আকার ধারণের সুযোগ পেয়েছে।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন। তিনি বলেন, আমেরিকার একতরফা অবৈধ নিষেধাজ্ঞার কারণে ইরান করোনাভাইরাস নিয়ে বড় রকমের সংকটে পড়েছে।
জাখারোভা পরিষ্কার করে বলেন, ইরানের উপর নজিরবিহীন চাপ এবং নিষেধাজ্ঞার কারণে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে। মার্কিন প্রশাসনের নিষেধাজ্ঞার কারণে ইরান ওষুধ ও বিভিন্ন চিকিৎসা সামগ্রী কিনতে পারছে না। নিষেধাজ্ঞাকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইরানের ওপর সর্বোচ্চ চাপের নীতি বলে আখ্যা দিয়ে আসছে।
মার্কিন এই অমানবিক ও নিষ্ঠুর নিষেধাজ্ঞার বিরুদ্ধে এরইমধ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের বহু নেতা আমেরিকার সমালোচনা করেছেন। তারা বলছেন, ইরানের ওপর থেকে জরুরিভিত্তিতে নিষেধাজ্ঞা তুলে নেয়া উচিত।
চলতি সপ্তাহের প্রথম দিকে আটটি দেশ একসঙ্গে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের কাছে সম্মিলিতভাবে একটি চিঠি দিয়ে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার আহ্বান জানিয়েছে। এছাড়া জাতিসংঘ মহাসচিব নিজেই বলেছেন, নিষেধাজ্ঞার কারণে ইরানের জনগণ মারাত্মকভাবে স্বাস্থ্য ঝুঁকির মুখে পড়েছেন।
পার্সটুডে




