ইরানের পরমাণু কর্মসূচি ইসরাইলের জন্য হুমকি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইরানের সাথে করা পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়া নিন্দনীয়। ইরান যদি এখন পুরোদমে পরমাণু কর্মসূচি শুরু করে, তাহলে এটি ইসরাইলের জন্য ভয়াবহ অস্থিতিশীলতা ও নতুন হুমকি হয়ে দাঁড়াবে।
রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরাম (এসপিআইইএফ)-২০১৮’ সম্মেলনে একটি সেশনে অংশ নিয়ে পুতিন এসব কথা বলেন।
পুতিন বলেন, আমরা এখনো উত্তর কোরিয়ার সঙ্গে ঝামেলা মেটাতে পারিনি। সেখানে আমরা একই ধরনের আরেকটি সমস্যা কীভাবে চাই? আন্তর্জাতিক পারমাণবিক পর্যবেক্ষকেরা যেখানে বলে এসেছেন, ইরান সব ধরনের বাধ্যবাধকতা মেনে চলেছে, সেখানে এ চুক্তি থেকে বেরিয়ে গেছে যুক্তরাষ্ট্র। ইরানকে তাহলে কিসের শাস্তি দেওয়া হলো?
পুতিন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে ইসরাইল। অথচ মার্কিন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ ইসরাইলের নিরাপত্তাকেও হুমকির মুখে ফেলবে। ইরান যদি এ চুক্তি থেকে বেরিয়ে যেতে চায় বা ছেড়ে দিতে চায়, তাহলে এটা কি ইসরাইলের জন্য ভালো হবে? আর এটি হলে ইরানের পরমাণু কর্মকাণ্ড পুরোপুরি অস্বচ্ছ হয়ে উঠবে।
পুতিন বলেন, ইরানের পরমাণু চুক্তি নিয়ে সৃষ্ট সমস্যা সমাধানে সব পক্ষকে স্পষ্ট অবস্থান নিয়ে এগিয়ে আসতে হবে। ইরানের ওপর একের পর এক মার্কিন নিষেধাজ্ঞা গ্রহণযোগ্য নয়। যুক্তরাষ্ট্রে প্রতি চার বছর পর পর নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হন। প্রতি চার বছর অন্তর যদি মার্কিন প্রেসিডেন্ট এভাবে একটি করে আন্তর্জাতিক দলিল বাতিল করে দিতে থাকেন। তাহলে সঙ্কট ও উত্তেজনা বাড়তেই থাকবে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইরানের পরমাণু চুক্তির অনুমোদন দেয়ায় এটি একটি বহুপক্ষীয় আন্তর্জাতিক দলিলের স্বীকৃতি পেয়েছে।




