ইতালির লোম্বারদিয়ায় দোকানপাট-রেস্তোরাঁ খুলছে সোমবার

করোনাভাইরাসের কারণে মৃত্যুপুরীতে পরিণত হয়েছিল ইতালি। দেশটির উত্তরের অঞ্চল লোম্বারদিয়া ছিল করোনার হটস্পট। ওই অঞ্চল থেকে ভাইরাসটি ছড়িয়ে পড়েছিল পুরো দেশে। যার ফলে মৃত্যুবরণ করতে হয়েছে দেশটির ৩১ হাজারের বেশি মানুষকে।
ইতালিতে করোনা পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। এ কারণে সোমবার থেকে মৃত্যুপুরী লোম্বার্দিয়ার দোকানপাট, রেস্তোরাঁ ও হেয়ার সেলুন খুলছে। এ কথা জানিয়েছে অঞ্চলটির গভর্নর।
দেশটির সরকারের হিসাব অনুযায়ী, ইতালির এই অঞ্চলে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে। শুক্রবার পর্যন্ত এই সংখ্যাটা ৩৪ হাজার ২৪২। লোম্বারদিয়ায় লকডাউন শিথিলের ঘোষণা আসে ইতালিয়ান প্রধানমন্ত্রী জিউসেপ্পে কন্তে, রিজিওনাল অ্যাফেয়ার্সের মন্ত্রী ফ্রান্সেসকো বোকিয়া ও আঞ্চলিক গভর্নরদের সভা শেষে। লকডাউনের কড়াকড়ি শিথিল করতে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে একমত হয়েছেন রাজনীতিকরাও।
রিজিওনাল অ্যাফেয়ার্স মন্ত্রী বোকিয়া নিশ্চিত করলেন, অঞ্চল আবার চালু করার সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দেওয়া হয়েছে আঞ্চলিক কর্তৃপক্ষকে। কড়াকড়ি শিথিল করতে হলে তা অবশ্য কেন্দ্রীয় সরকারকে জানাতে হবে।




