বছরে সোনা উৎপাদন ১০ টনে নিয়ে যাওয়ার পরিকল্পনা ইরানের

ইরান চলতি ফার্সি বছরে সোনা উৎপাদনে রেকর্ড করবে। ইরানের শিল্প, বাণিজ্য এবং খনিজ বিষয়ক উপমন্ত্রী জাফর সারকিনি এ কথা জানিয়েছেন। তিনি একে মূল্যবান অর্জন হিসেবেও অভিহিত করেন।
তিনি জানান, চলতি বছরে ইরান ৬ টন সোনা উৎপাদন করবে। অবশ্য চলতি বছরে সোনা উৎপাদনের লক্ষ্যমাত্রা ৭ টন ধরা হয়েছিল বলেও জানান তিনি।
ইরানের সোনা উৎপাদন ভবিষ্যতে আরো বাড়বে বলে উল্লেখ করে তিনি বলেন, সোনার আরো নতুন খনি উৎপাদর শুরু করেছে। অর্থনৈতিক ভাবে লাভবান হওয়ায় ছোট ছোট খনি থেকে সোনা উৎপাদন লাভজনক বলে বিবেচিত হচ্ছে। এ কারণে ছোট ছোট খনিগুলোর উন্নয়ন করা হবে বলে জানান তিনি।
উত্তরপশ্চিমাঞ্চলীয় ইরানি নগরী তাকাবের জারশুরান স্বর্ণ খনিকে মূল্যবান সম্পদ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, চলতি বছরে এ খনির উৎপাদন মাত্রা ১ টনে এবং পরবর্তী তিন বছরে ৩ টনে পৌঁছাবে।
ইরানের সোনা উৎপাদনের পরিমাণ বছরে ১০ টনে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘ মেয়াদে ইরানের সোনা উৎপাদনের পরিমাণ বছরে ২৫ টনে দাঁড়াবে।




