ইউরো কাপের শেষ ষোলতে জার্মানি-পো্ল্যান্ড

ফেভারিট দল হিসেবে অন্যদের চেয়ে একটু পিছিয়েই ছিল জার্মানি। তবে দেরিতে হলেও গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নক আউট পর্ব নিশ্চিত করেছে বিশ্ব চ্যাম্পিয়নরা। মঙ্গলবার নর্দান আয়ারল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে জোয়াকিম লো’র দল। তবে হেরেও শেষ ষোলোতে খেলার সুযোগ পেয়েছে আইরিশরা।
নক আউটপর্বে জার্মানির সঙ্গী হয়েছে পোল্যান্ড। অন্য ম্যাচে একই ব্যবধানে ইউক্রেনের বিপক্ষে জয় তুলে নিয়েছে পোলিশরা। তবে ‘সি’ গ্রুপের সেরা দ্বিতীয় দল হিসেবে পরের রাউন্ডের টিকিট পেয়েছে পোল্যান্ড। জার্মানির সমান ৭ পয়েন্ট তাদেরও। কিন্ত গোলগড়ে এগিয়ে থাকায় শীর্ষে থেকেই গ্রুপপর্ব শেষ করল জার্মানি।
প্যারিসের ম্যাচটা নির্ধারণ হয়ে গেছে আধঘণ্টার মধ্যেই। ২৯ মিনিটে জার্মানিকে এগিয়ে দেন মারিও গোমেজ। গোলটার আর শোধ দিতে পারেনি নর্দান আয়ারল্যান্ড। তবে দাঁত দাঁত চেপে ঠিকই লড়াই করেছে তারা। পুণরায় উদযাপণের উপলক্ষ্য পায়নি জার্মানরাও। তাই গোমেজের এই গোলটাই শেষ অবধি বিশ্বসেরাদের জয়ের জন্য যথেষ্ঠ হয়ে দাঁড়ায়।
তবে হারলেও প্রাণপন লড়াইয়ের পুরষ্কার পেয়েছে নর্দান আয়ারল্যান্ড। তৃতীয় সেরা দল হিসেবে নক আউটে পর্বের দরজা খুলে গেছে তাদের জন্য। মাত্র ৩ পয়েন্টই এনে দিয়েছে তাদের প্রত্যাশিত শেষ ষোলোর টিকিট।
গ্রুপের অন্য ম্যাচের ভাগ্যও একই ব্যবধানে নির্ধারণ হয়েছে। যেখানে জয়ী দল পোল্যান্ড। দ্বিতীয়ার্ধে ব্লাসজিকোসভি ইউক্রেনের জাল কাঁপিয়ে উচ্ছ্বাসে ভাসান পোলিশদের। এই গোলটাই শেষ পর্যন্ত ইউক্রেনকে থেকে আসর থেকে ছিটকে দিয়েছে।




